বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হওয়ার পর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও ভয়ে আছে পাকিস্তান। দলটির অধিনায়ক আফ্রিদির কথায়ই পাওয়া যাচ্ছে তাদের ভয়ের সুর।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পাক অধিনায়ক বলেন, "আসলে এ মুহূর্তে বাংলাদেশ অসাধারণ খেলছে। আগামীকাল ম্যাচটা কঠিন হবে।"

শুক্রবার একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামবে দল দুটি।

এ ম্যাচ নিয়ে আফ্রিদি বলেন, "আমরা জানি, আগামীকালের ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। তবে এটা বলতে পারি, আমাদের টি-টোয়েন্টি স্কোয়াড ওয়ানডে দলের তুলনায় অনেক ভালো।’

ওয়ানডে দলের ব্যর্থতা নিয়ে তিনি বলেন, "আমাদের দলে খুব বেশি সিনিয়র খেলোয়াড় নেই। তরুণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। অধিনায়কও নতুন। ভালো করতে একটু সময় লাগবে। দলটা পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। তবুও আমি ইতিবাচক ও আশাবাদী।’

অবশ্য বাংলাদেশকেও বাহবা দিতে ভোলেননি আফ্রিদি, ‘বাংলাদেশ এ মুহূর্তে অসাধারণ খেলছে। একটা দল হিসেবে খেলছে। তারা বিশ্বকাপের দারুণ খেলেছে। দারুণ ছন্দে আছে।’

পাকিস্তান থেকে আসা একমাত্র সাংবাদিক যখন ধবলধোলাই প্রসঙ্গে জিজ্ঞেস করলেন আফ্রিদিকে, একটু যে ধৈর্য হারিয়ে ফেললেন আফ্রিদি, ‘বাংলাদেশ অসাধারণ খেলছে। এ সিরিজে তাদের বিশ্বকাপের দলটিই খেলছে। সেখানে আমাদের দলটা তরুণ। এটা তো ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, ইনজামাম-উল হকের দল নয়। কাজেই তাদের কাছ থেকে বিরাট কিছু প্রত্যাশা করাটা উচিত নয়। ছয়-আট মাস এই খেলোয়াড়েরা খেলতে থাকলে দেখবেন দলটা দাঁড়িয়ে গেছে।’

ধবলধোলাইয়ের দুঃসহ স্মৃতি ভুলে যেতে চান আফ্রিদি, তাকাতে চান আগামীকালের ম্যাচের দিকেই, ‘আসলে ওটা (ধবলধোলাই) শেষ হয়েছে। আগামীকাল নতুন ম্যাচ, নতুন সংস্করণ। আমাদের দলে উমর গুল ফিরেছে, সাঈদ আজমল আছে। মোহাম্মদ হাফিজ বল করবে। আমি আছি। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে দলের সমন্বয়টা ভালো।’

জেডআই