ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন সাকিব আল হাসান। বুধবার বিকেএসপিতে আবাহনীর হয়ে মোহামেডানের বিপক্ষে ১৮ রানে ৫ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার ক্যারিয়ার সেরা বোলিং।

দুর্দান্ত বোলিংয়ের আগে ব্যাট হাতেও ঝড় তুলেছিলেন সাকিব। ২৪ বলে ৫৭ রানের টর্নেডো ইনিংস খেলেছেন। ২২ বলে পৌঁছেছেন অর্ধশতকে, যা এবারের লিগের দ্রুততম।

এরপর বল হাতেও সাকিব গুঁড়িয়ে দিলেন মোহামেডানকে। নতুন বল হাতে নিয়ে ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই ফেরান ইজাজ আহমেদকে। প্রথম ৪ ওভারে উইকেট ছিল ওই একটিই।

দ্বিতীয় স্পেলে ফিরে টানা দুই ওভারে নিয়েছেন দুটি উইকেট। পরের ওভারে টানা দুই বলে আরও দুটি নিয়ে গুটিয়ে দিয়েছেন মোহামেডানকে। ৬.৩ ওভারে ১৮ রানে ৫ উইকেট।

ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে সাকিবের আগের সেরা বোলিং ছিল গত ঢাকা লিগেই লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ২৭ রানে ৪ উইকেট।

ক্যারিয়ারের দীর্ঘ সময় জুড়ে ওয়ানডে ও লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫ উইকেটের অপেক্ষায় ছিলেন সাকিব। অবশেষে গত নভেম্বরে অবসান হয় সেই অপেক্ষার। জিম্বাবুয়ের বিপক্ষে নেন ৪৭ রানে ৫ উইকেট। এবার অপেক্ষা ঘুচল ঘরোয়া ক্রিকেটেও।

একই ম্যাচে অর্ধশতক ও ৫ উইকেটও তার ক্যারিয়ারে এই প্রথম।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে এক তরফা ম্যাচে মোহামেডানকে ২৬০ রানে হারিয়েছে আবাহনী।

সাকিব ঝড়ের আগে লিটন দাস ও দিনেশ কার্তিকের শতকে রেকর্ড গড়ে ৩৭১ রান তুলেছিল আবাহনী। মোহামেডান অলআউট ১১১ রানেই।

এফএফ