শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৫৯ রানে চার উইকেট হারানো বাংলাদেশকে একটু স্বস্তি এনে দিয়ে মাঠ থেকে বিদায় নেন সাকিব। পরে নাসিরও আউট হয়ে গেলে ছয় উইকেট হারিয়ে দিশেহারা স্বাগতিকরা।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এই রিপোর্ট লেখা পর্যন্ত ছয় উইকেটের বিনিময় ১৫৪ রান করেছে বাংলাদেশ। এখন ক্রিজে আছেন মুশফিকুর রহিম (৩৬) ও সোহাগ গাজী (০)।
শুরুতেই টসজয়ী শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ফিল্ডিং বেছে নেন। আর তার দলের বোলার শামিন্দা এরাঙ্গা দলকে শুভ সূচনা করে দেন। বাংলাদেশের শুরুর দুটি উইকেটই নেন ডানহাতি এই পেসার। দলনেতার এক উইকেটের সঙ্গে লাকমাল আরেকটি উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন।
অভিষেক টেস্টে ব্যাটিং শুরুটা মন্দ হয়নি শামসুর রহমান শুভর। বিপরীতে ধৈর্যশীল ব্যাটিং পন্থা বেছে নিলেও মাঠে টিকতে পারেননি ওপেনার তামিম ইকবাল। ২৮ বলে মাত্র ৬ রান করে ইরাঙ্গার বলে লাকমালের হাতে ক্যাচ তুলে দিয়েছেন তিনি। দলীয় ৩৫ রানে প্রথম উইকেট হারানোর পর ৪০ রানেই হারায় আরো দুই উইকেট। ওয়ানডাউনে নামা মার্শাল আইয়ুবের (১) পর বিদায় নেন শুভ (৩৩)।
এরপর মুমিনুল ও সাকিব দলের রানের চাকা সচল রাখার চেষ্টা করলেও দলীয় ৫৯ রানে সাজঘরে ফেরেন মুমিনুল (৮)। পরে সাকিব-মুশফিক জুটিতে আশার আলো দেখে বাংলাদেশ। ক্যারিয়ারের ১‌৫তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। কিন্তু এরপর আর পাঁচ রান যোগ করতেই হেরাথের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।
ঢাকা,২৭জানুয়ারি,(টাইমনিউজবিডি)//জেডআই