ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল জার্মানি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে টপকে চূড়ায় জায়গা করে নিল ২০১৪ বিশ্বকাপের শিরোপাজয়ী দলটি। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে আর্জেন্টিনার।
র্যাঙ্কিংয়ে আরো অবনতি হয়েছে বাংলাদেশ। সাত ধাপ পিছিয়ে ১৯৬ নম্বরে নেমে বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারত ১০ ধাপ পিছিয়ে ১০৭ নম্বরে নেমে গেছে।
চেক রিপাবলিক এবং নরওয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জার্মানির জয় এবং দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ের কলম্বিয়ার সঙ্গে ব্রাজিলের ড্রয়ে শীর্ষে পরিবর্তন আসে। টানা দুটি জয় জার্মানিকে শীর্ষে তুলে দিল।
২০১৬ ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে তিনে ওঠে এসেছে। আর্জেন্টিনা নেমে গেছে চারে। অন্যদিকে জিব্রাল্টারকে ৯-০ গোলে এবং গ্রিসকে ২-১ গোলে হারিয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিল ইউরোপ থেকে সবার আগে ২০১৮ বিশ্বকাপ নিশ্চিত করা বেলজিয়াম।
পোল্যান্ড ছয় নম্বরে এবং সুইজারল্যান্ড রয়েছে সাত নম্বরে। শীর্ষ দশে থাকা অপর তিনটি দল হলো যথাক্রমে- ফ্রান্স, চিলি ও কলম্বিয়া।
শীর্ষ দশের বাইরে থাকা স্পেনের অবস্থান ১১ নম্বরে। ইংল্যান্ড নেমে গেছে ১৫ নম্বরে। অন্যদিকে পাঁচ ধাপ পিছিয়ে ইতালি নেমে গেছে ১৭ নম্বরে। গ্যারেথ বেলের ওয়েলসের অবস্থান ১৩ নম্বরে।
ফ্রান্সকে রুখে দেয়া লুক্সেমবার্গ ৩৫ ধাপ এগিয়ে ১০১ নম্বরে ওঠে এসেছে; এটাই তাদের ইতিহাসের সেরা র্যাঙ্কিং। পেরু ১২ নম্বরে, আযারল্যান্ড ২০ নম্বরে এবং সিরিয়ার অবস্থান ৭৫ নম্বরে; তিনটি দেশই নিজেদের ইতিহাসের সেরা র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে।
বলিভিয়া ২২ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে ওঠে এসেছে। মন্টেনেগ্রো ১৫ ধাপ এগিয়ে ওঠে এসেছে ৩৭ নম্বরে। বড় উন্নতি হয়েছে বুলগেরিয়ারও; তারা ১৪ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে ওঠে এসেছে। এছাড়া স্কটল্যান্ড ১৫ ধাপ এগিয়ে ৪৩ এবং হাইতি সাত ধাপ এগিয়ে ৪৮ নম্বরে ওঠে এসেছে।
র্যাঙ্কিংয়ে বড় লাফটা দিয়েছে কেপ ভার্দে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাক-টু-ব্যাক জয় দিয়ে ৪৭ ধাপ এগিয়ে ৬৭ নম্বরে ওঠে এসেছে কেপ ভার্দে।
এমএ





