বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য বর্তমান চ্যাম্পিয়নদেরকে ৩২৯ রানের লক্ষ্য বেধে দিয়ে স্বাগতিকরা।

বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৮ রান সংগ্রহ করেছে টস জয়ী অস্ট্রেলিয়া।

ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে উমেশ যাদবের প্রথম বলে বিরাট কোহলির তালুবন্দী হন ডেভিড ওয়ার্নার। ৭ বলে মাত্র ১২ রান করেই বিদায় নিলেন তিনি।

দ্বিতীয় জুটিতে অ্যারোন ফিঞ্চ ও স্টিভ স্মিথের সৃদৃঢ় ব্যাটিংয়ে উইকেট খরায় ভোগে ভারত। রিভিউ নিয়েও তাদের কপালে উইকেট জোটেনি। বিপরীতে সেঞ্চুরি পূর্ণ করেন স্মিথ।

অবশেষে ৩৫তম ওভারে উমেশ যাদবের প্রথম বলে ছক্কায় হাঁকাতে গিয়ে বিদায় নেন তিনি। এতে ভেঙে যায় তাদের ১৮২ রানের জুটি। রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৯৩ বলে ১১টি চার ও ২টি ছক্কায় ১০৫ রান করেন তিনি।

ক্রিজে এসে চার দিয়ে রানের খাতা খোলেন ম্যাক্সওয়েল। কিন্তু বেশি দূরে এগুতে পারেননি। ১৪ বলে ২৩ রান করে অশ্বিনের বলে রাহানের হাতে ক্যাচ আউট হন।

দলের রানের খাতায় এক রান যোগ হতে ফিঞ্চও বিদায় নেন। যাদবের বলে ক্যাচ ধরেন ধাওয়ান। মাঠ ছাড়ার আগে ১১৬ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৮১ রান করেন তিনি।

১০ রান করে মুহিত শর্মার বলে ক্লার্ক আউট হলে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। ওয়াটসনের সঙ্গে যোগ দেন ফকনার। ১২ বলে ২১ রান করা ফকনার বিদায় নিলে তাদের ৩৬ রানের জুটি ভেঙে যায়।

দলের রানের চাকা ঘুরাতে থাকেন ওয়াটসন। তবে মুহিতের বলে ছক্কা হাঁকাতে গিয়ে রোহিত শর্মার তালুবন্দী হন ৩০ বলে ২৮ রান করা এই তারকা।

শেষ দিকে জনসনের ব্যাটে রানের খাতা ৩২৫ পার করে। ৯ বলে ২৭ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি।

ভারতের বোলার উমেশ যাদব চারটি ও মুহিত শর্মা দুটি উইকেট পান।

জেডআই