আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জিতেছে বাংলাদেশ।

মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। টুর্নামেন্টে দুই জয়ে তারা চার পয়েন্ট অর্জন করেছে। তবে ফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড ও পাকিস্তান ছয় পয়েন্ট অর্জন করেছে।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১১৫ রান করে ভারত। দলের সর্বোচ্চ ৪৫ রান করেন কুনাল। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে আনসুলের ব্যাট থেকে। এছাড়া ইয়াশ নেগি ১২ রান করেন। দলের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

২৩ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার আলম খান। এছাড়া ধ্রুপম পত্রনবীশ তীর্থ ২ উইকেট নেন ১৫ রান খরচায়।

জবাবে ১৮ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু আমিন উদ্দিন ও শাহরিয়ার শামীমের ৬৫ রানের জুটিতে জয়ের পথে এগিয়ে যায় স্বাগতিকরা। রান আউট হওয়ার আগে ৪৩ বলে ৪৫ রান করেন আমিন।

আমিন ফিরে গেলেও অবিচল ছিলেন ম্যাচ সেরা শামীম। শেষ পর্যন্ত ৪২ রানে অপরাজিত থাকেন আগের ম্যাচে অর্ধশতক করা এই ব্যাটসম্যান। তার সঙ্গে অবিচ্ছিন্ন ৩২ রানের জুটি উপহার দেওয়া অপূর্ব কুমার অপরাজিত থাকেন ১৮ রানে।

জেডআই