জিম্বাবুয়ের বিরুদ্ধে জয় পেয়ে ২০১৪ সালে ওয়ানডেতে জয় খরা কাটিয়েছে বাংলাদেশ। এবার জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ জয়ের পথে এগিয়ে যাওয়ার সুযোগ তাদের। সেই লক্ষ্যে রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় সাড়ে ১২টায় ম্যাচটি শুরু হবে। বেসরাকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গাজী টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

এই সিরিজের শুরু থেকেই শিশিরকে ধরা হচ্ছে প্রধান নিয়ামক হিসেবে। যে কারণে ম্যাচ জয়ের জন্য টস জেতাকে গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। যদিও শুক্রবারের ম্যাচে এর প্রমাণ খুব একটা পাওয়া যায়নি।

এবারের সিরিজের বড় সফলতা হচ্ছে সাকিব আল হাসানের একের পর এক নজর কাড়া পারফর্মেন্স। যদিও দুইবার বড় দুটি রেকর্ড ফস্কে গেছে সাকিবের হাত থেকে। টেস্ট ক্রিকেটে ২৫০ রান ও ২০ উইকেট সংগ্রহ করে অসাধারণ একটি মাইলফলকে পৌছার সুযোগ সৃষ্টি হলেও রানের কোটা পূরণ করা সাকিব, পূরণ করতে পারেনি উইকেটের কোটা।

শুক্রবার সাকিবময় হয়ে ওঠা সিরিজের প্রথম ওয়ানডেতে ম্যাচের চিত্রও একই। এক ম্যাচে সেঞ্চুরি সহ ৫ উইকেট সংগ্রহের মাধ্যমে বিশ্ব ক্রিকেটের বরেণ্য তিন জনের একজন হওয়ার সুযোগটি অল্পের জন্য হাতছাড়া হয়ে গেছে সাকিবের। তবে এক ম্যাচে সেঞ্চুরি ও চার উইকেট নেওয়া ক্রিকেটারদের ক্লাবের ১২তম সদস্য হিসেবে নাম লিখিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার।

২০১৩ সালের ৩ নভেম্বর ফতুল্লায় নিউজিল্যান্ডকে হারানোর পর গত এক বছরে ওয়ানডেতে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। তবে চট্টগ্রামের মাটিতে শেষ টেস্টে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ উদযাপন করেছিল তারা। সেখানেই প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে ৮৭ রানে। এবার আরো ভাল কিছু করার অপেক্ষা মাশারফিদের।

জেডআই