হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডার সার্জিও রামোস।

বুধবার সেভিয়ার বিপক্ষে স্যান্টিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচের শুরুর দিকে স্প্যানিশ এই ডিফেন্ডার ইনজুরিতে আক্রান্ত হয়ে নয় মিনিটের মধ্যেই মাঠ ত্যাগ করেন। বেশ কিছু পরীক্ষার পরে মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আগামী পাঁচ সপ্তাহ এই সেন্টার ব্যাককে বিশ্রামে থাকতে হবে। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই ইনজুরির কারণে শনিবার অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাদ্রিদ ডার্বি এবং চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র লড়াইয়ে শালকের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না ২৮ বছর বয়সী রামোস।

ইতোমধ্যেই তার অনুপস্থিতিতে কোচ কার্লো আনচেলত্তি তরুণ দুই ডিফেন্ডার রাফায়েল ভারানে এবং নাচো ফার্নান্দেজকে দলে নেবার প্রস্তুতি সেরে ফেলেছেন।

এক সংবাদ সম্মেলনে মাদ্রিদ বস বলেছেন, রামোসের ইনজুরি গুরুতর। এ কারনে আগামী পাঁচ সপ্তাহ সে খেলতে পারবে না। কিন্তু নাচো এবং ভারানের ওপর আমার আস্থা আছে। তারা খুবই ভাল খেলোয়াড়।

মাদ্রিদের হয়ে এবারের মৌসুমে রামোস সব ধরনের প্রতিযোগিতায় ২৯টি ম্যাচে অংশ নিয়ে ছয়টি গোল করেছেন।

জেডআই