ক্রিশ্চিয়ানো রোনালদোর অ্যাক্রোবেটিক গোলে মান রক্ষা হয়েছে রিয়াল মাদ্রিদের। রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। অতিরিক্ত সময়ে সমতাসূচক গোলটি (৯০+২ মিনিট) করেছিলেন ফিফা বর্ষসেরা খেলোয়াড় রোনালদো। কিন্তু শিরোপা প্রত্যাশী অ্যাটলেটিকো মাদ্রিদ অবশ্য লেভান্তের কাছে ২-০ গোলে হেরেছে।
ম্যাচের ৪৪ মিনিটে জেরেমি ম্যাথিউয়ের গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ৫৯ মিনিটে রিয়াল মাদ্রিদকে সমতায় ফিরিয়েছিলেন সার্জিও র্যা মোস। কিন্তু ৬৫ মিনিটে রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় দানি পারেজো ভ্যালেন্সিয়াকে গোল এনে দিয়ে এগিয়ে দেন ২-১ ব্যবধানে। কিন্তু রোনালদো সমতা আনেন অসাধারণ একটি গোল করে।
লা লিগার পয়েন্ট টেবিলে ৩৬ খেলায় (১ মৌসুমে ৩৮ খেলা) ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচ খেলে বার্সেলোনা ৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে। ৩৫ ম্যাচে তৃতীয়স্থান অধিকারী রিয়াল মাদ্রিদের অর্জন ৮৩ পয়েন্ট। রিয়ালের হাতে ৩টি ম্যাচ বাকি থাকলেও বার্সা ও অ্যাটলেটিকোর রয়েছে ২টি করে ম্যাচ।
রোনালদো বারমুখে ৮টি শট নিয়েছেন। কিন্তু সফল হয়েছেন মাত্র একবার। আর এই গোলটি খুবই গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদের শিরোপা আশা বেঁচে রইল। এই ম্যাচে তারা শক্তিশালী দল গঠন করেছিল। গ্যারেথ বেলের পাশে শুরু থেকেই ছিলেন রোনালদো। তবে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক দিয়েগো আলভেজ ধন্যবাদ পেতেই পারেন। গোলবারে রিয়ালের বড় বড় আক্রমণ রুখে দিয়েছেন তিনি। এদিকে রোনালদো চলতি মৌসুমে ৫০তম গোলটি করে ফেলেছেন। পায়ের পেছনের ভাগ দিয়ে বলকে আঘাত করে গোল করেছেন তিনি।
এদিকে ১৯৯৬ সালের পর আবারও শিরোপা আশা জাগিয়েছে অ্যাটলেটিকো। কিন্তু লেভান্তের সঙ্গে হেরে বিপাকে তারাও। লা লিগার শিরোপা লড়াই জমে উঠেছে।
অ্যাটলেটিকো হেরে যাওয়ায় রিয়ালের সুযোগ ছিল জয় দিয়ে এগিয়ে যাওয়ার। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনাও শনিবার গেটাফের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল। চলতি মৌসুমে একই সপ্তাহে এই ৩ দলের পয়েন্ট হারানোর ঘটনা এই প্রথম।
ঢাকা, ৫মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
রিয়াল মাদ্রিদের ড্র, অ্যাটলেটিকোর হার
ক্রিশ্চিয়ানো রোনালদোর অ্যাক্রোবেটিক গোলে মান রক্ষা হয়েছে রিয়াল মাদ্রিদের। রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।





