কলকাতার ইডেন গার্ডেনে আগামীকাল অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের ফাইনাল। তাই স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে অন্যরকম রোমাঞ্চ কাজ করছে।
কিন্তু কলকাতায় এরই মধ্যে আবার ঘটে গেছে বড় একটি দুর্ঘটনা। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনের অদূরে ভেঙে পড়েছে নির্মাণাধীন একটি ফ্লাইওভার। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ জনেরও বেশি মানুষ। আহত হয়েছেন অনেকে।
এই দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশ্বকাপের ফাইনাল ম্যাচগুলিতে খেলোয়াড়দের ‘কালো ব্যাজ’ পরে মাঠে নামার প্রস্তাব দিয়েছে সিএবি। শুক্রবার সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলী আইসিসি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অংশগ্রহণকারী প্রতিটি দলের ম্যানেজারদের কাছে এই প্রস্তাব দিয়েছেন।
রবিবার দু’টি ম্যাচে মোট চারটি দল বিশ্বকাপ ফাইনাল খেলবে। প্রথমে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মধ্যে নারীদের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর রাতে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হবে পুরুষদের ফাইনাল।
চার দলের কাছে এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে প্রস্তাব পাঠালেও কেউ এখনও কোনও উত্তর দেয়নি। আজকের মধ্যে আইসিসি সহ ফাইনালের যোগ্যতা অর্জনকারী দলগুলির ইতিবাচক মন্তব্য জানা যাবে বলে আশাবাদী সিএবি।
এমই





