শরণার্থীদের পাশে দাঁড়াচ্ছে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। স্পেনে আশ্রয় নেয়া শরণার্থীদের সাহায্যার্থে দশ লাখ ইউরো দান করবে দেশটির শীর্ষ ফুটবল ক্লাবটি। শনিবার ক্লাবের পক্ষ থেকে এ কথা নিশ্চিত করা হয়েছে।
ক্লাবের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘স্পেনে আশ্রয় নেয়া শরণার্থীদের সাহায্যার্থে রিয়াল মাদ্রিদ এক মিলিয়ন ইউরো দান করবে।’
‘যুদ্ধ এবং মৃত্যুর কারণে যে সকল নারী-পুরুষ ও শিশুরা নিজ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাদের সাহায্যার্থে দাতব্য কাজে দায়বদ্ধতা থেকে ক্লাব এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।"
গত মৌসুমে ক্লাবটি রেকর্ড ৬৬০.৬ মিলিয়ন ইউরো আয় করেছে বলে চলতি সপ্তাহের প্রথম দিকে ঘোষণা দিয়েছিল মাদ্রিদ।
একই সঙ্গে স্পেনে আশ্রয় নেয়ার দরুণ শরণার্থীদের কিছু খেলাধুলার সামগ্রী দান করবে বলেও ক্লাবের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়।
সমগ্র ইউরোপ জুড়ে শরাণার্থীরা বাঁধ ভাঙ্গা জোয়াড়ের মত ছুটে আসায় সম্প্রতি অনেক ক্রীড়া সংগঠনই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
জার্মান ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ গত মঙ্গলবার শরণার্থীদের সাহায্যে এক মিলিয়ন ইউরো দান করেছে।
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিও (আইওসি) জরুরি তহবিলে দুই মিলিয়ন ডলার দান করেছে।
জেডআই





