আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়াগো ম্যারাডোনা বলেছেন যে ফিফা সম্পর্কে এফবিআই সত্য প্রকাশ করেছে। দুর্ণীতির কারণে ফিফা কর্মকর্তাদের গ্রেফতার হওয়া প্রমাণিত হয়েছে যে তিনি এত দিন ফিফার পরিচালনা পর্ষদ নিয়ে যে প্রশ্ন তুলেছিলেন সেটা 'পাগলামি' ছিল না।
ফুটবলের বিশ্ব সংস্থা নিয়ে খোলাখুলি সমালোচনা করতেন ১৯৮৬ বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টাইন তারকা। এবার ফিফা সাত কর্মকর্তা গ্রেফতার হওয়া সেটা আরো বাড়িয়ে দিল।
'রেডিও লা রেড'কে দেয়া এক সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, "মানুষ বলত যে আমি পাগল হয়ে গেছি। আজ এফবিআই সত্য প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র একটি নিখুঁত কাজ করেছে। এখন তাদের ব্যাখ্যা করা উচিত যে কি ঘটেছিল। ভালো থেকেই যাবে এবং আমি ব্যক্তিগতভাবে খারাপের দিকে খেয়াল রাখব।"
তিনি আরো বলেন, "তারা দুর্ণীতির মাধ্যমে যে টাকা পেয়েছে সেটা আফ্রিকার শিশুদের জন্য অনুশীলন ক্যাম্প করার জন্য দেয়া উচিত। ফিফার ১.৫ বিলিয়ন মার্কিন ডলার সংরক্ষিত আছে। আর এমন খেলোয়াড় আছে যারা ১৫০ মার্কিন ডলারের বেশি উপাজর্ন করতে পারে না।"
ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারকে খোঁচা দিয়ে ম্যারাডোনা বলেছেন, "আজ কোনো ফুটবল খেলা নেই। কোনো স্বচ্ছতা নেই। শুধু মানুষের সঙ্গে মিথ্যা কথা এবং ব্লাটারকে আবার নির্বাচিত করার পায়তারা।"
"এত সব কিছু ঘটার পর আমরা আবার দেখব যে সে আবার নির্বাচিত হয়েছে। এত কিছু ঘটার সময় তিনি কোথায় ছিলেন? আমরা ফুটবলের সঙ্গে যুক্ত এক জন মানুষকে দায়িত্বে দেখতে চাই। তারা আমার কাছে এসেছিল এবং টাকা দিয়ে আমাকে বুঝানোর চেষ্টা করেছিল। কিন্তু আমি পরিশ্রম করে টাকা উপার্জন করি। মানুষের সঙ্গে প্রতারণা করে না।"
ফিফার কর্মকর্তাদের গ্রেফতার হওয়াকে দুর্ভাগ্য হিসেবে আখ্যা দেয়া ব্লাটার পঞ্চমবারের মতো ফিফা প্রেসিডেন্ট পদে নির্বাচন করছেন। ১৯৯৮ সালে প্রথমবারের মতো নির্বাচিত হওয়ার পর মোট চারবার দায়িত্ব পান।
এবারের নির্বাচনে ৭৯ বছর বয়সী ব্লাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী জর্ডানের যুবরাজ আলি বিন আল হুসেইন।
জেডআই





