ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দল থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার ক্রিস রোজার্স। রোববার অনুশীলনে মাথায় আঘাত পাওয়ায় দলে থাকতে পারছেন না তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে নেট বোলারের একটি বল মাথায় আঘাত লাগায় রজার্স খুব একটা সুস্থ অনুভব করছেন না। এজন্য প্রথম টেস্টে তাকে দলের বাইরে রাখা হয়েছে।

ডেভিড ওয়ার্নারের পার্টনার হিসেবে ৩৭ বছর বয়সী এই বাঁহাতি ওপেনারের পরিবর্তে দলে দেখা যেতে পারে শন মার্শকে।

আগামী ৩ জুন ডোমিনিকার উইন্ডসোর পার্কে প্রথম টেস্ট শুরু হচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে আসার আগেই রজার্স ঘোষণা দিয়েছিলেন ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজই হয়তবা তার শেষ টেস্ট সিরিজ হতে পারে। ক্যারিবীয়ান সফরের পরেই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবে।

২০০৮ সালে টেস্ট অভিষেক হবার পরে ২০১৩ সালে রজার্স পুনরায় অ্যাশেজ সিরিজে ডাক পান। তারপর থেকেই অস্ট্রেলিয়ার টপ অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এ পর্যন্ত ২০ টেস্টে ৩৯.৩৫ গড়ে ১৫৩৫ রান সংগ্রহ করেছেন।

জেডআই