ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে হেরে গেলে সিরিজটিও হাতছাড়া করবে তারা। তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আগামীকাল শুক্রবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মুশফিকরা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় খেলাটি শুরু হবে।

প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যান এনামুল হক। দুর্দান্ত বোলিং করেছিলেন আল আমিন হোসাইন। নিয়েছিলেন চারটি উইকেট। তবুও তিন উইকেটে হেরেছিল সফরকারীরা।

অবশ্য হারের পিছনে ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করা চলে। কারণ গ্রানাডার মাঠে মাত্র ২১৭ রান করতে সক্ষম হয়েছিল তারা। এনামুল ছাড়া বাকি ব্যাটসম্যানরা আশা জাগানো স্কোর করতে পারেননি। ওই ম্যাচে ইমরুল কায়েস, শামসুর রহমান রানের খাতায় দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। মুশফিক ও মাহমুদুল্লাহর স্কোর ছিল ১২ ও ১১।

প্রথম ম্যাচে বল হাতে চরম হতাশ করেছিলেন নাসির ও শামসুর রহমান। নাসির দুই ওভারে দিয়েছিলেন ২০ রান। আর শামসুর এক ওভারেই দিয়েছিলেন ১৩ রান। তবে দুর্দান্ত ছিলেন মাশরাফি। ৮ ওভারে মাত্র ২২ রান দিয়েছিলেন। বিনিময় শিকার করেছিলেন একটি উইকেট। তাও ক্রিজ গেইলের গুরুত্বপূর্ণ উইকেটটি। আল আমিন হোসাইন নিয়েছিলেন ৪টি উইকেট। রান দিয়েছিলেন ওভারপ্রতি ৫.৮৮ করে।

তবে দ্বিতীয় ম্যাচে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সেই সঙ্গে বাকিদের আগের ভুল শোধরাতে হবে। আর তাতেই সিরিজটি ধরে রাখা যাবে। তা না হলে ২০১৪ সালের শুরু থেকে চলে আসা পরাজয়ের গ্লানি মুছতে পারবে না টাইগাররা।

ঢাকা,২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই