বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে বলে মনে করেন দলটির অধিনায়ক স্টিভেন স্মিথ। বাংলাদেশের কন্ডিশন ভিন্ন বলেই এমনটা মনে করছেন তিনি।
চলতি মাসের শেষের দিকে আবারো বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আসন্ন সফরে মাত্র দু’টি টেস্ট ম্যাচ খেলবে অসিরা।
অ্যাশেজ সিরিজের পর অসিদের সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক, ব্র্যাড হাডিন, রায়ান হ্যারিস, শেন ওয়াটসন ও ক্রিস রজার্সের হঠাৎ এক সঙ্গে অবসরে যান। ফলে তাদের বর্তমান দলটি অনেকটা তারুণ্য নির্ভর।
অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক স্মিথ বলেছেন, ‘দলের নতুন খেলোয়াড়দের জন্য বাংলাদেশ সফরটি মোটেও পরীক্ষার সিরিজ নয়। দলের সকল খেলোয়াড়ের কাছে এটি গুরুত্বপূর্ণ এক সিরিজ। টেস্ট দলে জায়গা পাকাপোক্ত করার সবচেয়ে সেরা সুযোগ নতুনদের।’
এ ছাড়া বাংলাদেশের কন্ডিশন নিয়েও কথা বলছেন স্মিথ, ‘শুধুমাত্র একটি সিরিজই নয়, সবগুলো টেস্টটি জয়ের লক্ষ্য থাকে সবার। এমনকি সবগুলো সিরিজও জয়ের লক্ষ্য থাকে সবার। তেমনটি বাংলাদেশের সিরিজেও জয়ের লক্ষ্য আমাদের। তবে বাংলাদেশের কন্ডিশনে খেলাটা অনেক বেশি কঠিন। নিজেদের মাঠে বেশ ভালো ক্রিকেট খেলছে তারা। তাই আমাদের জন্য বাংলাদেশ সফরটি বেশ কঠিন হবে। আমরা আশা করছি ভালো ফল করতে পারবো। আমরা সে ভাবেই প্রস্তত হচ্ছি।’
আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। এরপর ৩ অক্টোবর প্রথম মাঠে নামবে অসিরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে তিনদিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে সফরকারীরা।
৯ অক্টোবর থেকে মূল লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আর ১৭ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া।
জেডআই





