মাঠে নামলে যেন গোল না করে উঠতে পারেন না বার্সেলোনা তারকা লিওনেল মেসি। তার ঝলকে হারতে যাওয়া ম্যাচে জয় পেয়েছে বার্সা। গোল করে ভেঙ্গেছেন সাবেক তারকাদের রেকর্ড। টানা চারবার জিতেছেন ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। ক্লাবের হয়ে এত উজ্জ্বল মেসি জাতীয় দল আর্জেন্টিনার হয়ে পুরাটাই ম্লান। গত বিশ্বকাপে অনেক প্রত্যাশা নিয়ে মাঠে নামলেও কোনো গোলের দেখা পাননি। এখনো জেতা হয়নি বিশ্বকাপ। তাই ফুটবলের সবচেয়ে বড় এই শিরোপাটি না জেতা পর্যন্ত নিজেকে বড় তারকা মনে করছেন না তিনি। এজন্য আর্জেন্টিার ১৯৮৬ বিশ্বকাপের নায়ক ম্যারাডোনার সঙ্গে নিজেকে তুলনা করতে নারাজ মেসি।
একের পর এক রেকর্ড গড়ায় আর্জেন্টিনার সাবেক অধিনায়ক ও কোচ ডিয়াগো ম্যারাডোনার সঙ্গে মেসিকে তুলনা করা হয়। ক্লাবের হয়ে তার অর্জনের কারণে অনেকে মনে করেন ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেছেন মেসি। কিন্তু যখনই বিশ্বকাপের কথা আসে তখন নাপোলির সাবেক তারকার কাছে হেরে যান বার্সা তারকা। এ বিষয় মেসি বলেছেন, 'ম্যারাডোনার সঙ্গে তুলনা করা ভালো। কিন্তু আমি মনে করি সেটা এখন পর্যন্ত আমি গ্রহণ করতে পারি না।'
ম্যারাডোনার সফলতার কথা উল্লেখ করে মেসি বলেছেন, 'তিনি জাতীয় দলের হয়ে অনেক কিছু করেছেন। আমি মনে করি না, কোনো খেলোয়াড় বিশ্বকাপ না জেতা পর্যন্ত সত্যিকার অর্থে সেরা খেলোয়াড় হতে পারে।'
এখন পর্যন্ত দুটি বিশ্বকাপে অংশগ্রহণ করলেও শিরোপাটি জেতা হয়নি মেসির। তবে তিনি এটা জয় করতে পারবেন সেই আশাবাদ ব্যক্ত করে বলেছেন, 'আমি আশা করি, এটা জিততে পারব এবং সেটা মৌসুমেই জিততে পারি। কিন্তু যতদিন পর্যন্ত না এটা জেতা সম্ভব হবে ততদিন নিজেকে সেরা খেলোয়াড় বলতে চাই না।'
১৯৮৬ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে মাত্র ২৫ বছর বয়সে দলকে নেতৃত্ব দেন ম্যারাডোনা। তার কৃতিত্বে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। এদিকে ২৭ বছরে পা দিচ্ছেন মেসি। তিনিও দলকে নেতৃত্ব দিচ্ছেন। তাই প্রত্যাশাটা অনেক বেশি।
বার্সেলোনার হয়ে ৪২৪ ম্যাচে ৩৫৪ গোল করেছেন মেসি। এতে কাতালান ক্লাবটির হয়ে ২১টি শিরোপা জিতেছেন তিনি। কিন্তু তিনি বিশ্বাস করেন তার ক্যারিয়ারের ইতি টানার পর তার অর্জনকে বিবেচনা করা হবে।
ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি) //জেডআই