আদালতের নির্দেশে লা লিগার "বিপদ" কেটে গেল। বৃহস্পতিবার স্প্যানিশ হাই কোর্টের রায়ের ফলে লিগের শেষ দুই রাউন্ডের খেলা যথাসময় অনুষ্ঠিত হবে।

খেলোয়াড়দের ধর্মঘটের ফলে লিগের শেষ দুই রাউন্ডের খেলা ভেস্তে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল।

হাই কোর্ট ধর্মঘটকে অবৈধ বলে আখ্যায়িত করেছে। ফলে লা লিগাসহ কোপা ডেল'র এখন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা থাকছে না।

টিভি স্বত্বের আয় বন্টন নিয়ে প্লেয়ার্স ইউনিয়নের (এএফই) সঙ্গে বিরোধের জের ধরে স্প্যানিশ ফুটবল ফেডারেশন খেলা বন্ধ রাখার নিদ্ধান্ত নিয়েছিল।

গত ৩০ এপ্রিল টিভি স্বত্ব নিয়ে নতুন নিয়ম ঘোষণা করে স্প্যানিশ সরকার। এতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা তাদের খেলা সম্প্রচারের জন্য নিজেরা যে চুক্তি করে তা বাতিল করা হয়।

নতুন চুক্তি অনেক প্রশংসিত হলেও এএফই আগামী ১৬ মে থেকে ধর্মঘট ডাকে।

গত মঙ্গলবার এএফই ও স্পেন পেশাদার ফুটবল লিগের (এলএফপি) আলোচনা হলেও কোনো ফল না আসায় স্প্যানিশ ফুডবল ফেডারেশন খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

বৃহস্পতিবার আদালত ধর্মঘটকে অবৈধ আখ্যা দিয়ে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। ফলে এই সপ্তাহের ছুটির দিনে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয় পেলে লা লিগা শিরোপা জয়ের স্বাদ পাবে বার্সেলোনা।

জেডআই