শাইমান আনোয়ার দারুণ ব্যাটিং আর আমজাদ জাভেদ-মুহাম্মদ উসমানের চমৎকার এক জুটির ওপর ভর করে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ের পুঁজি গড়েছে সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপে প্রথম জয় পেতে ১৩০ রানের লক্ষ্য পেয়েছে শহিদ আফ্রিদির দল।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৯ রান করে সংযুক্ত আরব আমিরাত।
বাছাই পর্ব পেরিয়ে আসা সংযুক্ত আরব আমিরাতের শুরুটা ভালো হয়নি। ১২ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে দলটি।
আনোয়ারের ব্যাটে প্রতিরোধ গড়া সংযুক্ত আরব আমিরাতের ওপর চাপ ধরে রাখতে পারেননি পাকিস্তানের স্পিনাররা। আফ্রিদি, মোহাম্মদ নওয়াজ, শোয়েব মালিকদের সহজেই সামলায় আকিব জাভেদের শিষ্যরা।
মোহাম্মদ ইরফানের বলে সরফরাজ আহমেদের গ্লাভসবন্দি হওয়ার আগে ৪২ বলে ৪৬ রানের দৃঢ়তাভরা এক ইনিংস খেলেন আনোয়ার। ৫টি চার ও দুটি ছক্কায় দেখানো আনোয়ারের পথে হাঁটেন মুহাম্মদ উসমান ও আমজাদ জাভেদ।
শেষের দিকে ইরফান ও মোহাম্মদ সামির ওপর চড়াও হন উসমান-আমজাদ। উসমানকে (১৭ বলে ২১) বোল্ড করে তাদের ৪৬ রানের জুটি ভাঙেন অসাধারণ বোলিং করা মোহাম্মদ আমির। চার ওভারে ৬ রান দিয়ে দুই উইকেট নেন এই বাঁহাতি পেসার। দুই উইকেট নিতে আরেক বাঁহাতি পেসার ইরফান খরচ করেন ৩০ রান।
শেষ পর্যন্ত ১৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন আমজাদ।
জেএইচ





