২৫ বছরের আম্পারিং ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান স্টিভ ডেভিস। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজে শেষবারের মত আম্পায়ারিং করবেন স্টিভ ডেভিস।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টিভ ডেভিসের অবসরের বিষয়টি নিশ্চিত করেছে।

১৯৯০-৯১ এ স্টিভ ডেভিস প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মত আম্পায়ারিং করেন। সাত বছর পর ১৯৯৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। হোবার্টে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচ পরিচালনা করেন তিনি।

আম্পায়ারের বর্ণাঢ্য ক্যারিয়ারে ২০০৭, ২০১১ ও ২০১৫ আইসিসি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেন স্টিভ ডেভিস। আম্পায়ারিং করেছেন ২০০৯ ও ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টেও। শর্ট ফরম্যাটের সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটে তার উপস্থিতি ছিল।

আইসিসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্টিভ ডেভিস বলেন, ‘অবসরের সিদ্ধান্তটি অনেক কঠিন ছিল। কিন্তু আমি ভেবেচিন্তেই সিদ্ধান্তটি নিয়েছি। আম্পারিংয়ে আমার কাটানো ২৫ বছর আমার জীবনের সেরা সময়।

এ সময়ে বিশ্বের সেরা আম্পায়ার ও ম্যাচ রেফারিদের সঙ্গে কাজ করেছি। বিশ্বের যেখানেই গিয়েছি সেখানে আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি। সেটা মাঠে হোক আর মাঠের বাইরে।’

ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসিকে ধন্যবাদ জানিয়ে অভিজ্ঞ এই আম্পায়ার বলেন, ‘অবসরের এই মুহূর্তে ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসিকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমাকে যেই সাহায্য-সহযোগিতা করেছে তা সত্যিই অভূতপূর্ব।’

আগামী ২০ জুন শেষবারের মত ম্যাচ পরিচালনা করবেন স্টিভে ডেভিস। এ পর্যন্ত ৫৭ টেস্ট, ১৩৫ ওয়ানডে ও ২৬ টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন অস্ট্রেলিয়ান এই আম্পায়ার।

এমকে