ডব্লিউটিএ স্ট্যানফোর্ড শিরোপা জয় করেছেন বিশ্বের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামস। রোববার অনুষ্ঠিত ফাইনালে টুর্নামেন্টের তৃতীয় বাছাই জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবারকে ৭-৬ (৭/১), ৬-৩ সেটে হারিয়েছেন তিনি।

হতাশাজনক উইম্বলডন মিশনের পরে এটি ছিল শীর্ষ বাছাই সেরেনা প্রথম টুর্নামেন্ট। এর মাধ্যমে হার্ড কোর্টে নিজেকে ঝালিয়ে নেবারও একটি প্রচেষ্টা ছিল যুক্তরাষ্ট্রের এই তারকার। আগমী সপ্তাহে মন্ট্রিয়াল মাস্টার্সে নিজের আধিপত্য অক্ষুন্ন রাখার লক্ষ্যেই তার এই শিরোপাটা প্রয়োজন ছিল।

স্ট্যানফোর্ডে এটি ছিল সেরেনার তৃতীয় শিরোপা এবং চলতি বছরের চতুর্থ ডব্লিউটিএ শিরোপা। এর আগে তিনি ব্রিসবেন, মায়ামি এবং রোমে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। কিন্তু চলতি বছর বড় টুর্নামেন্টগুলোতে এখন পর্যন্ত হতাশ হতে হয়েছে ১৭বারের এই গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীকে। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন কিংবা উইম্বলডন কোনটাতেই তিনি চতুর্থ রাউন্ডের পরে আর যেতে পারেননি। এখন বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের দিকে তাকিয়ে আছেন মার্কিন এই তারকা। আগামী ২৫ আগস্ট নিউ ইয়র্কের ফ্ল্যাশিং মিডোতে শুরু হচ্ছে হার্ডকোর্টের এই গ্র্যান্ড স্ল্যাম।

শনিবার সেমিফাইনালে ভারভারা লেপচেনকোকে দারুন এক লড়াইয়ের পরে পরাজিত করে কারবার ফাইনাল নিশ্চিত করেছিলেন। প্রথম সেটে ৫-১ ব্যবধানে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় দিয়েই তিনি লড়াই শেষ করেন। ফাইনালে সেরেনা ৫-২ গেমে পিছিয়ে থেকে দুটি সেট পয়েন্ট রক্ষা করে লড়াইয়ে ফিরে আসেন। এরপর টানা পাঁচটি গেম জয় করে প্রথম সেটে ৬-৫ ব্যবধানে এগিয়ে যান। এরপর কারবার সেট পয়েন্ট বাঁচালে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। কিন্তু সেখানে সেরেনার একক আধিপত্যে শেষ পর্যন্ত সেটটি হারাতে হয় জার্মান তারকাকে। দ্বিতীয় সেটের প্রথম গেমেই সেরেনা ব্রেক পয়েন্ট অর্জন করেন। এবং পরবর্তীতে সেই লিড আর ভাঙ্গতে পারেননি কারবার।

ঢাকা,৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই