রিও অলিম্পিকে এবার টেনিসে একের পর এক অঘটন ঘটেই চলেছে। এরই মধ্যে পুরুষদের শীর্ষ তারকা নোভাক জকোভিচ হেরেছেন প্রথম রাউন্ডেই। আর এবার সেই একই পথ ধরলেন প্রমীলা টেনিসের শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামসও। লন্ডন অলিম্পিকে সোনা জয় করলেও এবারের আসরে তৃতীয় রাউন্ডে ইউক্রেনের এলিনা সেভিতলিনার কাছে সরাসরি সেটে হেরেছেন সেরেনা।

রিওতে অঘটনের শুরু সেরেনার বোন ভেনাস উইলিয়ামসকে দিয়ে। তিনি মেয়েদের এককে হারের পর ডাবলসে বোনের সঙ্গে জুটি গড়লেও হারই জুটে। এই পরিস্থিতি সামলে ওঠার আগেই আরেক অঘটন। জকোভিচের বিদায়!

এরপর সদ্যই উইম্বলডন জিতে আসা সেরেনাও ছিটকে পড়লেন রিও থেকে। কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে সেরেনা বিশ্ব র্যা ঙ্কিয়ের ২০তম বাছাই সেভিতলিনার কাছে ৬-৪, ৬-৩ গেমে হেরে বসলেন! এবারই প্রথম সেভিতলিনার বিপক্ষে হারের স্বাদ পেলেন তিনি। এর আগে চারবারের মুখোমুখি দেখায় চারবারই সেরেনা বিজয়ী হয়েছিলেন।

আর এই হারের ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনার রিও অলিম্পিক থেকে পদক ছাড়াই বিদায় নিশ্চিত হয়ে গেল!

এমএনজে