দীর্ঘ ৮৩ দিন পর ফের মাঠে গড়াল লিগ ওয়ানের লড়াই। বিশ্বকাপের ফুটবল উন্মাদনার পর ফ্রেন্স লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু গত তিন মৌসুমের মতো এবারও উদ্বোধনী ম্যাচে জয় বঞ্চিত হয়েছে তারা। শুক্রবার রেমিসের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখা দলটি।

এই ম্যাচে জোড়া গোল করেছেন পিএসজির তারকা ইব্রাহিমোভিচ। তার গোলেই ড্র করেছে দলটি। কিন্তু এই ম্যাচে পেনাল্টি ছাড়াও একটি দারুণ সুযোগ মিস করেছেন তিনি।

রেমিসের মাঠে খেলা শুরুর ৭ মিনিটেই দলকে এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। জাভিয়ের পাস্তোরের কাছে থেকে বল পেয়ে গোল করতে ভুল করেননি তিনি। কিন্তু ১৮ মিনিটে গোলপোস্ট ফাঁকা পেয়েও গোল করতে পারেননি তিনি। এর এক মিনিট পর ইব্রাকে ফাউল করায় পেনাল্টি পেয়ে যায় পিএসজি। কিন্তু এই সুযোগটিও মিস করেন সুইডিশ তারকা।

তবে ভালোভাবেই সুযোগ কাজে লাগিয়েছে রেমিসের ফুটবলাররা। ২২ মিনিটেই দলকে সমতায় ফেরান প্রিন্স ওনিয়ানগু। ৩৪ মিনিটে দলকে লিড এনে দেন ডেভাক্স। এই গোলের ফলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক দলটি।

বিরতির পর পিএসজিকে সমতায় ফেরান ই্রবা। ৬৩ মিনিটের এই গোলটিতেও অবদান রাখেন পাস্তোর। পরে খেলায় আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে দল দুটি।

ঢাকা, আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই