ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে লাল ও সবুজ দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার প্রথম ম্যাচে ব্যাট ও বলে সাফল্য দেখিয়েছে মাশরাফি বিন মর্তুজার সবুজ দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৬০ ওভার করে খেলা হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ৫৪ ওভার খেলা হয়েছে। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে এক উইকেট হারিয়ে মাত্র ১৬৭ রান করে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন লাল দল।
এদিন ব্যাট হাতে ৪৬ রান করে তামিম ইকবাল। তবে অন্যদেরকে সুযোগ করে দিতে হাফ-সেঞ্চুরি পূর্ণ না করেই মাঠ ছাড়েন তিনি। ৪৩ রান করে মমিনুল হকও আউট হওয়ার আগে মাঠ থেকে উঠে যান।
দলনেতা মুশফিকুর রহিম করেন অপরাজিত ৩৩ রান এবং সাব্বির রহমান করেন অপরাজিত ২৯ রান। লাল দলের একমাত্র আউট হওয়া ব্যাটসম্যান এনামুল হক বিজয় (২ রান)।
সবুজ দলের সামনে কোনো টার্গেট দেওয়া না হলেও তারা ৪৮ ওভারে ২৪৩ রান করে। তাদের উইকেট খোয়াতে হয় তিনটি।
সবুজ দলের হয়ে ওপেনিংয়ে নামা ইমরুল কায়েস করেন ৪ রান। তিনি আউট হলেও শামসুর রহমান করেন ৬৪ রান। শামসুর আউট না হয়ে মাঠ ছাড়লে মার্শাল আইয়ুব করেন ৪০ রান। তিনিও আউট হননি।
এছাড়া সবুজ দলের হয়ে মোহাম্মদ মিথুন করেন ৪০ রান এবং শুভগত হোম করেন ১২ রান। তিনটি উইকেট পড়লেও নাসির হোসেন করেন অপরাজিত ৫৩ রান এবং মুক্তার আলি করেন অপরাজিত ১৭ রান।
আগামী ৯ তারিখ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ঢাকা, ৭ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই





