ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশ দলে তিন জন পেস বোলার নেয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে বাংলাদেশ দলের বোলিং কোচ হিথ স্ট্রিক।

আগামী বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। মাঠটিতে পেসাররা বেশি সুবিধা করতে না পারায় এই সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

ক্রিকইনফো জানায়, ‘এই পিচে আমাদের তিন জন পেসার খেলোনোর সম্ভাবনা কম। সম্ভবত আমরা দুই জনের কথা ভাবছি। তবে এটা নির্ভর করছে কোচ ও নির্বাচকদের উপর। উইকেট দেখে তারা সিদ্ধান্ত নেবেন।’

ইনজুরি থেকে রুবেল হোসেনের ফেরা এবং মোহাম্মদ শহীদের ধারাবাহিকতায় খুশি বোলিং কোচ।

৪১ বছর বয়সী স্ট্রিক বলেন, ‘রুবেলের ফেরা অবশ্যই আনন্দের ব্যপার। সাধারণত এখানকার উইকেট পেস বোলারদের জন্য কিছুটা কঠিন। তাই আমাদেরকে অনেক ধৈর্য্যশীল হতে হবে। পাকিস্তান সিরিজে শহীদ সত্যিই ভাল বোলিং করেছে এবং প্রমাণ করেছে যে সে পারে। ইনজুরিতে পড়ার আগে ভাল ফর্মে ছিল রুবেল।’

‘শহীদের উপর আমরা নির্ভর করতে পারি। সে এমন একজন বোলার যা উপর অনেক ওভার বোলিং করার জন্য আমরা নির্ভর করতে পারি, পাকিস্তান সিরিজে আমরা সেটা দেখেছি। মাঠে নেমে অধিনায়ক ফিল্ডিং সাজানোর পরই ভালভাবে বোলিং করতে প্রস্তুত সে। তার বল খেলাটা শীর্ষ ব্যাটসম্যানদের জন্য খুব সহজ নয়। আশা করছি সে আমাদের জন্য এ্যাঙ্করের ভূমিকা পালন করতে পারবে। এক অথবা দুই জন স্পিনারের সঙ্গে সে অনেক ওভার বোলিং করতে পারবে এবং অপর পেসাররা বিকল্প আক্রমণ চালিয়ে যেতে পারবে।’

জেডআই