এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশীপে মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তুর্কমেনিস্তান।
বৃহস্পতিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে ২৭/২৯, ২২/২৫, ২৫/২১, ২৫/২৩, ১৫/১৩ পয়েন্টে ৩-২ সেটে মালদ্বীপকে হারিয়েছে তুর্কমেনিস্তান।
বিজয়ী দলকে এক হাজার মার্কিন ডলার প্রাইজমানি ও ট্রফি তুলে দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী বীরেন শিকদার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এ এইচ আসলাম সানি, ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর কে এস তাবরেজ।
এর আগে তুর্কমেনিস্তান ৩-২ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে সেমিফাইল নিশ্চিত করে এবং সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে উঠে।
ভালো খেলেও সার্ফ সমস্যায় হেরে গেল মালদ্বীপ। উদ্ধোধনী ম্যাচে এই মালদ্বীপই বাংলাদেশের কাছে ৩-১ সেটে হেরেছিল। সেমিফাইনালে মালদ্বীপ আফগানিস্তানকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্টের পাঁচ শ' মার্কিন ডলার পুরস্কার দেয়া হয় মালদ্বীপের তারকা সাজিদ ইসলামকে।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ২৪/২৬, ২৫/১৮, ৩৪/৩২, ২২/২৫, ১৫/১১ পয়েন্টে ৩-২ সেটে নেপালকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে আফগানিস্তান।
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ টুর্নামেন্টে আফগানিস্তান, নেপাল, কিরঘিজিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ অংশ নেয়।
বাংলাদেশ কেন ম্যাচ থেকে ছিটকে পড়ল জানতে চাইলে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম বলেন, আমাদের টুর্নামেন্ট কমিটির কাছে লিখিত জবাব চেয়েছি। ভুল শুধরে পরবর্তীতে ভাল করব।
এমকে





