আগামীকাল (শনিবার) শুরু হচ্ছে পেপসি-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্ট। বিভিন্ন গণমাধ্যমের মধ্যকার এই টুর্নামেন্ট শেষ হবে ২৪ অক্টোবর।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে শুক্রবার দুপুরে 'পেপসি-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৪ 'উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এসময় ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী বলেন, আগামী ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আশা করছি টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত আজকের মত প্রেস কাভারেজ পাব।
এ টুর্নামেন্ট থেকে আগামী দিনের সাকিব না হলেও, আমাদের সন্তানেরা যেন খেলা দেখে উৎসাহিত হয় এটাই বড় পাওয়া।
ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, এটুর্নামেন্টের ইতিহাসে এবার সর্বাধিক দল অংশগ্রহণ করছে। আগামী ২৪ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সবাই মিলে এ টুর্নামেন্ট সফল করবো।
হ্যান্ডবল ইভেন্টের জন্য সহযোগিতা করবেন জানিয়ে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কহিনুর বলেন, ফেডারেশনের পক্ষ থেকে আমরা স্পন্সর ও মাঠ ব্যবস্থা করে দেব। তা ছাড়া আমি গর্বিত এমন একটি রিয়েল ক্রিকেট ইভেন্টের সঙ্গে জড়িত থাকতে পেরে। যাত্রা আরও শুভ ও সফল হোক।
এসময় ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী খোকন বলেন, এবার ৪১টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। মোট ৮টি গ্রুপে বিভক্ত হয়ে ৪১ দল খেলবে।
গ্রুপ, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল অনুসারে টুর্নামেন্টের খেলা পরিচালিত হবে।
প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে ক্রেস্ট ও ডিআরইউ’র পক্ষ থেকে ব্যাগ দেওয়া হবে। এ ছাড়া রানার আপ ও চ্যাম্পিয়ন দলকে আর্থিক পুরস্কার ও ট্রফি দেওয়া হবে।
ডিআরইউ সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পেপসির মার্কেট ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আরিফ হোসেন, ডিআরইউয়ের সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন বাদশা, মোস্তাক হোসেন, ডিআরইউয়ের সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদপ্ রমুখ।
এসএইচ





