মেসি, না ম্যারাডোনা? কে সেরা? আর্জেন্টিনার এই দুই তারকার এমন তুলনা নতুন নয়। আর্জেন্টিনাকে সর্বশেষ বিশ্বকাপ এনে দিয়েছিলেন ম্যারাডোনা। কিন্তু সেই দৌড়ে পিছিয়ে ছিলেন মেসি। মেসির আর্জেন্টিনা এবার ফাইনালে উঠেছে। যেই জার্মানিকে হারিয়ে ম্যারাডোনা সোনার কাপে চুমু দিয়েছিলেন, মেসির সামনেও সেই জার্মানরা। এবার জয় পেলেই দুই তারকার শ্রেষ্ঠত্বের লড়াইটি আরো জমজমাট হবে।
রোববার রাতে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানায় জার্মানদের মুখোমুখি হবেন মেসিরা। ৯০ মিনিটের এই লড়াই নির্ধারণ করে দিবে মেসি ও ম্যারাডোনার স্থান। তবে এখন পর্যন্ত তাদের অর্জন জেনে নেয়া যাক।
এই বিশ্বকাপের আগে মেসি জাতীয় দলের জার্সিতে অনেকটা ম্লান ছিলেন। কিন্তু স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে আলো ছড়িয়েছেন। ক্লাবটির হয়ে সর্বকালের সবচেয়ে বেশি গোরের মালিক হয়েছেন তিনি। করেছেন ৩৫৪ গোল। আর জিতে নিয়েছেন ২১টি শিরোপা। ব্যক্তিগত পুরস্কারেও সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। টানা চারবার হয়েছেন ফিফা বর্ষসেরা ফুটবলার। জিতেছেন অলিম্পিক মেডেলও। দেশের হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছেন এই তারকা। এবার বিশ্বকাপে মেসির আলোয় সেমিফাইনাল পার করেছে আল বিসেলেস্তেরা। টুর্নামেন্টে করেছেন চার গোল। আর তার দেয়া পাস থেকেই গোল পেয়েছিলেন ডি মারিয়া। আর দলের ছয় ম্যাচের চারটিতেই ম্যাচ সেরা হয়েছেন ২৭ বছর বয়সী মেসি।
এদিকে ফুটবলের অপর না ম্যারাডোনা। বিশ্বফুটবলে নতুন কিছু এনে দিয়েছেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী এই তারকা। মেক্সিকোর মাটিতে অনুষ্ঠিত ওই বিশ্বকাপকে ম্যারাডোনা বিশ্বকাপ বলা চলে। তার দুর্দান্ত পারফরম্যান্সেই দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আর্জেন্টিনা। কিংবদন্তী হওয়ার জন্য ম্যারাডোনার ওই বিশ্বকাপটি যথেষ্ট। কোয়ার্টার ফাইনালে বিশ্বকে নতুন কিছু দেখিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ম্যারাডোনা বিশ্ববাসীকে দেখিয়েছেন "ঈশ্বরের হাত"। এর কয়েক মিনিট পর বিশ্ববাসী দেখেছিল "শতাব্দীর সেরা গোল"।
২০১৪ বিশ্বকাপে মেসি
মাঠে ছিলেন: ৪৫৩ মিনিট
গোল করেছেন: ৪টি
গোল অবদান রেখেছেন: ১টি
সুযোগ তৈরি করেছেন: ১৯টি
ড্রিবল: ৯টি
১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনা
মাঠে ছিলেন: ৬৩০ মিনিট
গোল করেছেন: ৫টি
গোল অবদান রেখেছেন: ৫টি
সুযোগ তৈরি করেছেন: ২৭টি
ড্রিবল: ৭টি
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





