ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা অষ্টম হারের তিক্ত স্বাদ পেয়েছে ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাব। বুধবার তাদেরকে ১০৬ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২২৫ রান করে প্রাইম দোলেশ্বর।

রনি তালুকদারের (২৯) সঙ্গে মেহেদি মারুফের ৬৭ রানের উদ্বোধনী জুটি ভালো সূচনা এনে দেয় প্রাইম দোলেশ্বরকে। সর্বোচ্চ ৪৭ রান করে মারুফের বিদায়ের পর নিয়মিত উইকেট হারানোয় দলটির সংগ্রহ আরো বড় হয়নি।

ওল্ড ডিওএইচএসের সালেহ আহমেদ ৪ উইকেট নেন ৩০ রানে। এছাড়া দুটি করে উইকেট নেন শহিদুল ইসলাম ও সঞ্জিত সাহা।

জবাবে আসিফ আহমেদ ও সানজামুল ইসলামের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ৪০ ওভার ২ বলে ১১৬ রানে অলআউট হয়ে যায় ওল্ড ডিওএইচএস।

সর্বোচ্চ ৫৯ রান করেন শাহনাজ আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে রুবেল মিয়ার ব্যাট থেকে। দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বাইরে দুই অঙ্কে পৌঁছান কেবল সঞ্জিত (১৭)।

ম্যাচ সেরা আসিফ ৫ উইকেট নেন ২৪ রানে। সানাজামুল ২০ রানে নেন ৪ উইকেট।

জেডআই