ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের রাজধানী ব্রিসবেনের একটি বৃহৎ ক্রিকেট স্টেডিয়াম। এ স্টেডিয়াম ‘গ্যাবা’ নামেই সর্বাধিক পরিচিত। এখানকার উইকেটে বেশ রান হয়। আবার বোলাররাও বাড়তি সুবিধা পেয়ে থাকেন!
সাইক্লোন ‘মার্সিয়া’-এর কারণে গত কয়েক দিন ধরে ব্রিসবেনে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মাথায় নিয়ে বৃহস্পতিবার ব্রিসবেন ছেড়ে ক্যানবেরায় পৌঁছে টিম বাংলাদেশ। শুক্রবার বুপা ন্যাশনাল ক্রিকেট সেন্টারে বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলন করে। বৃষ্টির কারণে গ্যাবায় অনুশীলন করতে পারেননি টাইগাররা।
যদিও ঐতিহ্যবাহী গ্যাবা স্টেডিয়ামে পা পড়েছে ক্রিকেটারদের। সাকিব আল হাসান মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করেছেন। নাসির হোসেন ছাতা মাথায় নিয়ে মাঠে ঘুরে বেড়িয়েছেন। ছিলেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজাও।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাস বেড়ে গেছে বাংলাদেশের। মার্সিয়ার কারণে ম্যাচ না হওয়ার সম্ভবনা রয়েছে। ব্রিসবেন আবহাওয়া বিভাগ এমনটিই জানাচ্ছে। তবে টাইগার দলপতি মাশরাফি পুরো ম্যাচ খেলতে চাইছেন।
শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘পুরো ম্যাচ খেলে রেজাল্ট পেতে চাই। খেলায় হার-জিত থাকবে। এই ম্যাচে হারলেও হারানোর কিছু থাকবে না। বরং আত্মবিশ্বাস বাড়বে; যা পরবর্তী ম্যাচগুলোতে কাজে আসবে।’
বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও স্কটল্যান্ড। নক-আউট পর্ব নিশ্চিত করতে হলে আরো দুটি ম্যাচ জিতবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে পারলে পরের ম্যাচগুলোতে আরো ভালো ফল আসবে তা বলার অপেক্ষা রাখে না।
প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচ না হলে বাংলাদেশেরই লাভ। পয়েন্ট ভাগাভাগি করবে আইসিসি। ১ পয়েন্ট নক-আউট পর্বে উঠতে ভূমিকা রাখবে। তবে মাশরাফি বিন মুর্তজার ভাবনা ভিন্ন, ‘ওভার কমে আসলে পরিকল্পনার ঘাটতি থাকে। কম্বিনেশন ঠিক করা যায় না। আমি ইতিবাচক চিন্তা করছি যে পুরো ম্যাচ হবে।’
জেআই





