অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অধীনেও হেরেছে ভারত। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শনিবার ৪ উইকেটে হেরেছে তারা। এর আগে প্রথম টেস্টে বিরাট কোহলির অধীনে হারের লজ্জা পেয়েছিল। ফলে চার ম্যাচ টেস্ট সিরিজে ২-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
শনিবার ৭১ রান নিয়ে খেলা শুরু করা ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২২৪ রানে। এতে মাত্র ১২৭ রানের লিড নিতে পারে সফরকারী দলটি। জবাবে একদিন হাতে থাকতে ৬ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় অসিরা।
এদিন ভারতের হয়ে শুধু শেখর ধাওয়ান কিছুটা রানের চাকা ঘুরিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরটি তার। আগের দিনের ২৬ রান নিয়ে খেলা শুরু করা উদ্বোধনী জুটির এই ব্যাটসম্যান আউট হয়েছেন ৮১ রান করে।
তবে ১৫ রান নিয়ে মাঠে নামা চেতেশ্বর পুজারা মাত্র ৪৩ রান করে আউট হন। তার মাঠ ছাড়ার পর একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। শেষের দিকে উমেশ যাদবের ৩০ রান ও রবীচন্দ্র অশ্বিনের ১৯ রানই উল্লেখযোগ্য।
অস্ট্রেলিয়ার বোলার জনসন একাই ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন স্টার্ক, হাজলেউড ও লায়ন।
১২৮ রানের লক্ষ্যে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে অসি ব্যাটসম্যানরাও বেশি একটা সুবিধা করতে পারেনি। এই লক্ষ্য তাড়া করতেই ৬টি উইকেট হারিয়েছে তারা। ওপেনার ক্রিস রজার্স সর্বোচ্চ ৫৫ রান করেছেন। এছাড়া স্টিভেন স্মিথের ২৮ রান করেছেন। ৩টি উইকেট নিয়েছেন ভারতের ইশান্ত শর্মা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : প্রথম ইনিংস ৪০৮/১০ এবং দ্বিতীয় ইনিংস ২২৪/১০
অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস ৫০৫/১০ এবং দ্বিতীয় ইনিংস ১৩০/৬
ফল : অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা : স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
জেডআই





