আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের বল ব্যাটসম্যানদের কাছে এখনো রহস্যে ঘেরা। আর এ রহস্য উন্মোচন না করতে নেটে অনুশীলনের সময় প্রধান অস্ত্র কাটার দেন না মুস্তাফিজ। আর চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভ্যাসটা বজায় রাখতে সেখানকার অনুশীলনেও কাটার  দিতে বারণ করেছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রোববার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অনুশীলন শেষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান মাশরাফি। অধিনায়ক মনে করছেন, নেটে কাটার দিলে ব্যাটসম্যানরা বুঝে ফেলবেন মুস্তাফিজকে। সেক্ষেত্রে তার বলের ধার কমে যাবে বলে মনে করেন তিনি।

মাশরাফি জানান, কাটার ছোঁড়ার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাপক পরিচিতি পেয়েছেন মুস্তাফিজ। কিন্তু সেটা যেন ব্যাটসম্যানদের কাছে অজানা থেকে যায় সে পরামর্শ দিয়েছেন তিনি।

মুস্তাফিজও অক্ষরে অক্ষরে পালন করছেন তা। জাতীয় দলের অধিনায়কের পরামর্শ মতো অনুশীলনের সময় কাটার ছোঁড়া থেকে বিরত রয়েছেন এই বাঁ-হাতি পেসার।

আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন মুস্তাফিজ। দুই ম্যাচের প্রথমটিতে দুটি উইকেট নিয়ে খরচ করেছেন দলের পক্ষে সর্বনিম্ন ২৬ রান। এছাড়া সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিয়েছেন একটি উইকেট। এই ম্যাচে দল হারলেও প্রতিপক্ষকে বল হাতে কঠিন পরিস্থিতে ফেলতে বাধ্য করেন ‘কাটার মাস্টার’।

 

এমআইএস।