এ রিপোর্ট লেখা অবধি কুমিল্লার সংগ্রহ ১৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৮৬ রান। উইকেটে আছেন মারলন স্যামুয়েলস (২৫)।

শুক্রবার (১১ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা এবং মুশফিকুর রহিমের বরিশাল। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কুমিল্লা দলপতি মাশরাফি বিন মর্তুজা।

ব্যাটিংয়ে নেমে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ইমরুল। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই তাকে ক্লিন বোল্ড করেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ইমরুল কায়েসের পর খালিদ লতিফকে (১২) ফেরান আবু হায়দার রনি। পাকিস্তানি ওপেনারকে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি করেন বরিশাল বুলস পেসার আবু হায়দার। দলীয় ২৫ রানের মাথায় দুই উইকেট হারায় কুমিল্লা।

দুই উইকেট হারানোর পর জুটি গড়ে রানের চাকা এগিয়ে নেওয়ার চেষ্টা করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও মারলন স্যামুয়েলস। তবে, ইনিংসের অষ্টম ওভারে রান আউট হয়ে ফেরেন শান্ত। সাজঘরে ফেরার আগে তিনি করেন ১৬ রান।

দলীয় ৫৭ রানের মাথায় কুমিল্লার চতুর্থ উইকেটের পতন ঘটে। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে লিটন দাসকে ফেরান আল আমিন হোসেন। ব্যক্তিগত ৪ রানে সাজঘরের পথ ধরেন লিটন। ইনিংসের ১২তম ওভারে রান আউটের ফাঁদে পরে বিদায় নেন পাকিস্তানের তারকা ইমাদ ওয়াসিম (১)। কুমিল্লার পঞ্চম উইকেটের পতন ঘটে দলীয় ৬৬ রানের মাথায়।

হার দিয়েই টুর্নামেন্ট শুরু করে কুমিল্লা ও বরিশাল। ৮ নভেম্বরের উদ্বোধনী ম্যাচটিতে চিটাগং ভাইকিংসের কাছে ২৯ রানে হেরে যায় মাশরাফি বাহিনী। একই দিন বরিশালকে আট উইকেটে হারায় ঢাকা ডায়নামাইটস। পয়েন্ট টেবিলে দু’দলের অবস্থান তলানিতে। যথাক্রমে ছয় ও সাত নম্বরে।

এদিকে, রাতের ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের ঢাকা এবং ড্যারেন স্যামির রাজশাহী কিংস। সন্ধ্যা সোয়া সাতটায় ম্যাচটি শুরু হবে। এক ম্যাচ খেলে পূর্ণ ২ পয়েন্ট নিয়ে দুইয়ে ঢাকা আর নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে নাটকীয়ভাবে তিন রানে হারের হতাশায় ডোবা রাজশাহীর অবস্থান পঞ্চম।

কুমিল্লা একাদশ: ইমরুল কায়েস, খালিদ লতিফ, নাজমুল হোসেন শান্ত, মারলন স্যামুয়েলস, লিটন দাস (উইকেটরক্ষক), মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, নাবিল সামাদ, সোহেল তানভীর, মোহাম্মদ শরিফ, নাহিদুল ইসলাম।

বরিশাল একাদশ: শামসুর রহমান, দিলশান মুনাবেরা, ডেভিড মালান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), শাহরিয়ার নাফিস, থিসারা পেরেরা, রায়াদ এমরিত, মেহেদি হাসান, আল আমি হোসেন, তাইজুল ইসলাম, আবু হায়দার।

এমই