আযহার আলী দলের হাল ধরে রাখলেন। ধীরে ধীরে সেঞ্চুরি করলেন। কিন্তু ২২ গজের অন্য প্রান্তে বাকি ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে মাঠে আসা যাওয়া করলেন। ফলে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান আশার প্রদীপ জ্বালালেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারল না। চতুর্থ দিনের তৃতীয় সেশনের আগেই নিভে গেল তাদের দ্বিতীয় ইনিংসের বাতি।

রোববার টেস্টের চতুর্থ দিনে ১৭১ রান নিয়ে খেলা শুরু করে পাকিস্তান। হাতে ছিল ৮টি উইকেট। কিন্তু এদিন মাত্র ৫৯.২ ওভার ব্যাট করতেই মোট ৩২৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। এতে জয়ের জন্য শ্রীলঙ্কাকে মাত্র ১৫২ রানের লক্ষ্য বেধে দিতে পারল সফরকারীরা।

দিনের শুরুতে আযহার আলী ৬৪ ও ইউনিস খান ২৩ রান নিয়ে মাঠে নামেন। ম্যাথুসের বলে উইকেটরক্ষক চান্দিমালের হাতে ইউনিস (৪০) ক্যাচ আউট হলে এদিন উইকেট পতন শুরু হয়।

আযহার আলী এক প্রান্তে দাঁড়িয়ে রানের চাকা ঘুরালেও তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি। একে একে মাঠ থেকে বিদায় নেন মিজবাহ (২২), আসাদ শফিক (২৭) ও সরফরাজ (১৬) ও ইয়াসির (০)।

অষ্টম উইকেট হিসেবে আযহার আলী মাঠ থেকে বিদায় নিলে পাকিস্তানের প্রতিরোধের শেষ দুর্গের পতন হয়। হেরাথের বলে চান্দিমালের হাতে স্টাম্পিং হওয়ার আগে ৩০৮ বলে মাত্র ৬টি চারের মারে ১১৭ রান করে তিনি।

জুনায়েদ খান ও ওয়াহাব রিয়াজ সাজঘরে ফিরলে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।

লঙ্কান বোলার ধাম্মিকা প্রাসাদ সর্বোচ্চ চারটি উইকেট পান। এছাড়া চামিরা তিনটি, ম্যাথুস দুটি ও হেরাথ একটি উইকেট পান।

প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানেই অল আউট হয়েছিল পাকিস্তান। জবাবে ৩১৬ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা।

জেডআই