আসন্ন পাকিস্তান সিরিজে বাংলাদেশের টেস্ট দলকে নেতৃত্ব দিবেন মুশফিকুর রহিম। আর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে থাকছেন মাশরাফি বিন মর্তুজা।
রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। কিন্তু ১৭ এপ্রিলের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না অধিনায়ক মাশরাফি। তার পরিবর্তে ওই ম্যাচে দলকে নেতৃত্ব দিবেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান।
বিশ্বকাপে দুই ম্যাচে স্লো ওভারে রেটিংয়ের কারণে জরিমানা গুণতে হয়েছে অধিনায়ক মাশরাফিকে। সেই সঙ্গে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। এর ফলে প্রথম ওয়ানডেতে দলে থাকছেন না ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক।
এ সিরিজে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। সেখানেও অধিনায়ক থাকছেন মাশরাফি।
তবে সিরিজে দুটি টেস্টেই দলকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক মুশফিক। এদিকে দলের ম্যানেজার হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন।
জেডআই





