প্যারিস মাস্টার্স টেনিস টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ ও সপ্তম বাছাই কানাডার মিলোস রাওনিক। সেমিফাইনালে জকোভিচ হারিয়েছেন ষষ্ঠ বাছাই জাপানের কাই নিশিকোরিকে এবং রাওনিকের কাছে হেরে শেষ চার থেকে বিদায় নিয়েছেন পঞ্চম বাছাই চেক প্রজাতন্তের টমাস বার্ডিচ।
গত মাসে সাংহাই মাষ্টার্সের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন জকোভিচ। সেই কষ্ট ভুলে যাবার দারুন এক সুযোগ পেয়ে যান প্যারিস মাষ্টার্সে। সেমিফাইনালের বাধাঁ টপকিয়ে সেই কষ্ট হয়তো ইতোমধ্যে ভুলেও গিয়েছেন জকোভিচ। টুর্নামেন্টে শেষ চারের ম্যাচে জকোভিচ ৬-২ ও ৬-৩ গেমে নিশিকোরিকে হারিয়ে ফাইনালে উঠেছেন।
ফাইনালে উঠে বেশ উৎফুল্ল জকোভিচ বলেন, ‘খুবই ভালো একটি ম্যাচ হয়েছে। এমন জয় ফাইনালে ভালো খেলার জন্য আত্মবিশ্বাস যুগিয়েছে।’
জকোভিচের মত সহজ জয় দিয়ে ফাইনালের টিকিট পাননি রাওনিক। তবে র্যাংএকিং-এ তার চেয়ে উপরের দিকে থাকা বার্ডিচকে হারের লজ্জাই দিয়েছেন রাওনিক। প্রথম সেট ৬-৩ গেমে রাওনিক জিতেন। এরপর দারুনভাবে খেলায় ফিরেন বার্ডিচ। দ্বিতীয় ৬-৩ গেমে জিতেন তিনি। তবে তৃতীয় সেটে বাজিমাত করেন রাওনিকই। ৭-৫ গেমে তৃতীয় ও শেষ সেট জিতে ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ হিসেবে নাম লেখান রাওনিক।
তাই ম্যাচ শেষে উৎফুল্ল ছিলেন রাওনিকও, ‘এমন জয় খুবই আনন্দের। যা করতে চেয়েছি, তাই হয়েছে। আশা করছি ফাইনালেও ভালো খেলতে পারবো।’
জেডআই





