জাতীয় দলের ক্রিকেটাররা আছেন আর রয়েছেন দুই পরিবারের লোকজন। এর বাইরে মুশফিকুর রহিম ও জান্নাতুল কিফাইয়াত মন্ডির গায়ে হলুদ অনুষ্ঠানে আর কারও প্রবেশাধিকার নেই। বৃষ্টিভেজা সম্পূর্ণ ঘরোয়া পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকের গায়ে হলুদবরণ।

বুধবার রাত ৮টায় বিমানবাহিনীর ফ্যালকন কনভেনশন সেন্টারে শুরু হয়েছে মুশফিক-মন্ডি গায়ে হলুদ অনুষ্ঠান। ক্রিকেট পাগল বাংলাদেশের মানুষ। দেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের বিয়ের অনুষ্ঠান মানেই এ নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে মিডিয়াকর্মীদের ব্যাপক কৌতূহল থাকবে- এটাই স্বাভাবিক। বুধবার তাই ফ্যালকন কনভেনশন সেন্টারে হাজির হয়েছেন মিডিয়াকর্মীদের অনেকেই। কিন্তু অনুষ্ঠানের ছবি না তোলার জন্য মিডিয়াকর্মীদের বিশেষ অনুরোধ করা হয়েছে মুশফিকের পরিবারের পক্ষ থেকে।

জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের পরিবারের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, গায়ে হলুদ অনুষ্ঠানটি একান্তই ঘরোয়া পরিবেশে করা হচ্ছে। তাই এখানে বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পরিবারের বাইরে কাউকে দাওয়াতও করা হয়নি। সাংবাদিকদের আমন্ত্রণ করা হয়েছে আগামী ২৭ সেপ্টেম্বর, বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে। সে দিন যত খুশি সংবাদ সংগ্রহ করা আর ছবি তোলার সুযোগ রাখা হয়েছে।

উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে আংটি বদল করেছেন মুশফিক ও মন্ডি। জাতীয় দলের আরেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকা মন্ডি। বৃহস্পতিবার এই জুটির বিবাহ অনুষ্ঠান হবে বেইলি রোডের অফিসার্স ক্লাবে। ২৭ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা।

সূত্র:দ্য রিপোর্ট

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই