ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন না। গ্যারেথ বেলও অনুপস্থিত। ছিলেন না পেপে, টনি ক্রুস ও কেইলর নাভাসদের মতো তারকারাও। তাই বলে উয়েফা সুপার কাপ ফুটবলের শিরোপা জিততে ব্যর্থ হয়নি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার দিবাগত রাতে অনুষ্ঠিত ফাইনালে স্বদেশী সেভিয়াকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা উৎসব দিয়ে মৌসুম শুরু করেছে জিনেদিন জিদানের দল।
নরওয়ের ক্রোন্দহাইমে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২১ মিনিটে গোল করেন মার্কো অ্যাসেনসিও। তবে ৪১ মিনিটে এই গোল শোধ করে দলকে ১-১ সমতায় ফেরান সেভিয়ার আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো ভাসকুয়েজ।
ম্যাচের ৭০ মিনিটে নিজেদের ডি বক্সে সেভিয়ার আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো ভিয়েতোকে ফাউল করেন রিয়ালের অধিনায়ক সার্জিও রামোস। সেভিয়ার পক্ষে পেনাল্টির বাঁশি বাজার রেফারি। সুযোগ কাজে লাগিয়ে ২-১ গোলে এগিয়ে যায় দলটি। সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালায় রিয়াল।
তবে বারবারই হতাশ হতে হচ্ছিল জিদানের শিষ্যদের। হেরে যাওয়ার শঙ্কায় পড়েছিল তারা। তবে ইনজুরি টাইমে (৯০+৩ মিনিটে) হেড থেকে গোল করে শেষ অব্দি রিয়ালকে শিরোপা লড়াইয়ে টিকিয়ে রাখেন রামোস।
নির্ধারিত সময়ের খেলায় ২-২ গোল সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে সেভিয়ার ওপর চাপ বাড়ায় রিয়াল। তবে গোলের দেখা পাওয়া কঠিন হয়েছিল জিদান শিষ্যদের পক্ষে।
অতিরিক্ত সময়ের বেশিরভাগ সময় অবশ্য ১০ জন নিয়েই খেলতে হয়েছে সেভিয়াকে। কেননা দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলটির রক্ষণভাগের খেলোয়াড় টিমোথিকে। যে কারণে রিয়ালের চাপ সামলানো কঠিন হয়ে পড়েছিল সেভিয়ার পক্ষে। সুযোগ কাজে লাগিয়ে শেষ অব্দি ১১৯তম মিনিটে রিয়ালকে গোল পাওয়ার উৎসবে মাতান স্প্যানিশ ফুটবলার দানিয়াল কারবাহাল। তার এই গোলই রিয়ালকে এনে দেয় মৌসুমের প্রথম শিরোপা।
এমএনজে





