পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে একাদশে সুযোগ পাওয়া শাহাদাত হোসাইন মাত্র দুই বল করে ইনজুরিতে পড়েন। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ থেকে বিদায় নিতে হল তাকে।

বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মধাহ্ন ভোজের বিরতির সময় চোট পাওয়া এই পেসারকে মাঠের বাইরে নেওয়া হয় স্ট্রেচারে করে।

ম্যাচটিতে নিজের প্রথম বলটি করতে গিয়ে চোট পান শাহাদাত। কোনোমতে দ্বিতীয় বলটি করলেও এরপর আর মাঠে থাকতে পারেননি এই পেসার। তার ওভারটি শেষ করেন সৌম্য সরকার।

এরপর মাঠে ফিরে তাইজুল ইসলামের বলে সীমানায় সামি আসলামের ক্যাচটি তালুবন্দি করেন শাহাদাত।

মধ্যাহ্ন ভোজের বিরতির সময় সেন্টার উইকেটে বোলিং অনুশীলন করেন শাহাদাত। প্রথম তিনটি বল ঠিক-ঠাক মতোই করেন তিনি। চতুর্থ বলটি করার সময় আবার পড়ে গিয়ে ব্যথা পান তিনি। তাকে স্ট্রেচারে করে আবার মাঠের বাইরে নেওয়া হয়। এবারের চোটে তার ঢাকা টেস্টই শেষ হয়ে যেতে পারে।

খুলনা টেস্টে চোট পাওয়া আরেক পেসার রুবেল হোসেনের জায়গায় ঢাকা টেস্টে খেলছেন শাহাদাত।

বাংলাদেশ দলের গণমাধ্যম ব্যবস্থাপক রাবীদ ইমাম জানান, শাহাদতের ডান হাঁটুতে চোট লেগেছে। আপাতত বিসিবির চিকিৎসক দলের পর্যবেক্ষণে আছেন এই পেসার।

শাহাদাতের ইনজুরির ফলে বড় একটি ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। কারণ ম্যাচটিতে মাত্র চারজন বিশেষজ্ঞ বোলার নিয়ে দল গঠন করেছে স্বাগতিকরা।

জেডআই