লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদোর দ্বৈরথে বুঁদ হয়ে আছে পুরো ফুটবল বিশ্বই। তবে বার্সেলোনার তারকা ফরোয়ার্ড বললেন, রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন না তিনি। সব সময় নিজের সেরাটা দিতেই মাঠে নামেন বলে জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।
চোট পেয়ে সম্প্রতি মাঠের বাইরে থাকা মেসি যুক্তরাজ্য-ভিত্তিক সাংবাদিক গিয়েম বালাগেকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের আরও অনেক বিষয় নিয়ে কথা বলেন।
ফুটবল পণ্ডিত থেকে শুরু করে সাধারণ দর্শক, অনেকেই বলে থাকেন, রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই মেসিকে সব সময় ভালো খেলার প্রেরণা জোগায়। কিন্তু মেসি এদের সবার ভুল ভাঙিয়ে দেন বালাগেকে দেওয়া সাক্ষাৎকারে।
“এগুলো মানুষ বলে। আমি ক্রিস্তিয়ানোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করি না এবং আমার ধারণা, সেও আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে না। আমি দলের সর্বোচ্চ ভালো চাই এবং আমি এর জন্যই পরিশ্রম করি।”
বাবা হওয়ার পর হার-জিত নিয়ে নিজের দর্শনে কিছুটা পরিবর্তন এসেছে বলে জানান মেসি।
“এখনও আমি ম্যাচ হারতে অপছন্দ করি। কিন্তু আমি জানি, বাড়িতে পৌঁছলে ছেলেকে দেখার সান্ত্বনা আছে আমার।”
একটা প্রশ্ন মেসিকে সব সময়ই শুনতে হয়-বার্সেলোনা ছেড়ে কোথাও যাওয়ার ভাবনা আছে কিনা। এবার এই প্রশ্নে দার্শনিকের মতোই উত্তর দিলেন মেসি।
“আমি খুব দূরে তাকাতে চাই না। আমি বর্তমান নিয়ে বাঁচি এবং বর্তমানে আমি স্প্যানিশ লিগে বার্সার সঙ্গে আছি, যেখান থেকে আমি আয় করছি এবং ভালোভাবেই জীবনযাপন করছি।”
গত অনেক বছর ধরেই মেসি-জাদুতে মোহিত ফুটবল বিশ্ব। অসাধারণ খেলার জন্য তাকে অনেকেই ‘ভিন গ্রহের ফুটবলার’ আখ্যা দিয়েছেন। কিন্তু মেসি জানান, কাউকে মুগ্ধ করার জন্য ফুটবল খেলেন না তিনি। খেলাটা তিনি ভালোবাসেন এবং এটা তার পেশা।
চোট কাটিয়ে মাঠে ফেরার জন্য নিজে থেকে কোনো দিন নির্ধারণ করেননি বলে জানান মেসি। তবে খুব দ্রুতই উন্নতি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
এমআর





