লা লিগায় আরো একবার পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ভ্যালাদোলিদের মাঠে ১-১ গোলে ড্র করেছে বস কার্লো আনচেলত্তির শিষ্যরা। ফলে তাদের লিগ শিরোপা জয়ের স্বপ্নটি ক্ষীণ হয়ে গেল।
সফরকারী দল হিসেবে খেলতে নামলেও রামোসের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু দ্বিতীয়ার্ধে অসোরিও গোলটি শোধ করে দেন। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় স্প্যানিশ জায়ান্টদের।
এদিন যেন দুর্ভাগ্য নিয়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে দলের সেরা খেলোয়াড় রোনালদোকে পূর্ণ সময় মাঠে পায়নি তারা। খেলার মাত্র ৮ মিনিট পরই চোট নিয়ে সাইডলাইনে চলে যান ফিফা ব্যালন ডি'অর জয়ী এই তারকা।
রোনালদোকে ছাড়াই আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় রিয়াল। আর এতে খেলার ৩৪ মিনিটে দলকে লিড এনে দেন সার্জিও রামোস। ভ্যালাদোলিদের পেনাল্টি বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন আলোন্সো। ফ্রি-কিক পায় রিয়াল। রোনালদোর অবর্তমানে গুরুত্বপূর্ণ এই জায়গায় ফ্রি-কিকটি নেন রামোস। দারুণ এক গোল করে দলকে আনন্দে ভাসান স্পেনের এই ডিফেন্ডার।
তবে রিয়ালের এই আনন্দ শেষ পর্যন্ত ছিল না। দ্বিতীয়ার্ধে প্রতিরোধের সঙ্গে আক্রমণও চালায় ভ্যালাদোলিদ। এর ফলও পায় দলটি। জাভিয়ার কর্ণার থেকে ৮৮ মিনিটে অসাধারণ এক হেডে স্কোরলাইন ১-১ করেন অসোরিও।
এই ড্রয়ের ফলে ৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৬ ম্যাচে ৮৫। আর এক ম্যাচ অ্যাটলেটিকো জিতলেই শিরোপার স্বপ্ন শেষ হয়ে যাবে রিয়ালের।
ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি) //জেডআই





