হারারেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে সফরকারী বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে টস ভাগ্য বাংলাদেশের বিপক্ষে এলেও পক্ষে এসেছে শেষ ম্যাচে।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এই ম্যাচে টাইগারদের একাদশে এসেছে দুটি পরিবর্তন।
চোট কাটিয়ে ফিট হয়ে ওঠায় এই ম্যাচে খেলবেন পেসার মুস্তাফিজুর রহমান। তাকে জায়গা করে দিতে একাদশের বাইরে থাকতে হচ্ছে তরুণ পেসার শরিফুল ইসলামকে। চোট আক্রান্ত মেহেদী হাসান মিরাজ এই ম্যাচে খেলছেন না। ফলে একাদশে সুযোগ মিলেছে গত দুই ম্যাচে বদলি ফিল্ডার হিসেবে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করা নুরুল হাসান সোহানের।
এর আগে দেশের হয়ে দুটি ওয়ানডে খেলা সোহান সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ২০১৮ সালের জুলাইয়ে, টেস্টে। ওয়ানডে দলে জায়গা পেয়েছেন প্রায় ৫ বছর পর।
এই ম্যাচে জিম্বাবুয়ের একাদশেও এসেছে দুটি পরিবর্তন। রিচার্ড এনগারাভা ও তিনাশে কামুনহুকামওয়ে বাদ পড়েছেন, একাদশে ফিরেছেন রায়ান বার্ল ও ডোনাল্ড টিরিপানো।
প্রথম দুই ম্যাচ জিতে বাংলাদেশ ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে। লিটন দাসের সেঞ্চুরি ও সাকিব আল হাসানের ৫ উইকেট শিকারে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারায় তামিম ইকবালের দল। দ্বিতীয় ম্যাচে সাকিবের ৯৬ রানের অবিচ্ছিন্ন ইনিংস দলকে এনে দেয় ৩ উইকেটের জয়।বিডিক্রিকটাইম
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলে মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডিওন মায়ার্স, ডোনাল্ড টিরিপানো, রেগিস চাকাভা, সিকান্দার রাজা, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা ও রায়ান বার্ল।
এমবি





