প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। লাল-সবুজের জার্সিধারীদের সামনে এবার শিরোপা জয়ের হাতছানি। এর জন্য ফাইনালে হারাতে হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে। সে লক্ষ্যেই মঙ্গলবার মাঠে নেমেছে গোলাম জিলানীর শিষ্যরা। সিলেট জেলা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হয়েছে বিকেল ৫টায়।
এবারের টুর্নামেন্টে অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছে বাংলাদেশের কিশোররা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে এই ভারতকে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আর সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে পা রাখে স্বপ্নের ফাইনালে।
সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগের দুটি আসরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। ২০১১ সালে প্রথম আসরে ছয় দলের মধ্যে চতুর্থ এবং ২০১৩ সালে সাত দলের মধ্যে তৃতীয় হয়েছিল তারা। তবে এবার শিরোপা স্বাদ নিতে চায় লাল-সবুজের জার্সিধারীরা।
বাংলাদেশ স্কোয়াড: ফয়সল আহমেদ (গোলকিপার), শাওন হোসাইন (অধিনায়ক), ফাহিম মোর্শেদ, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ শাওন, সাদউদ্দিন, মোহাম্মদ আতিকুজ্জামান, জাহাঙ্গীর আলম সজিব, খলিল ভুঁইয়া, মোস্তাজিব খান, ইমন খান।
ভারতীয় স্কোয়াড: প্রভুষ্কান সিং গিল (অধিনায়ক ও গোলকিপার), মো. সাকলাইন খান, অজিন টম, মোহাম্মদ রাকিপ, মোহাম্মদ শাহজাহান, অময় অবিনাশ মরাজকার, রাহিম আলী, জেরেমি লালদিনপুইয়া, আয়মল চংগমপিপা, অভিজিৎ সরকার, জিয়ানচুন রংমেই।
জেআই





