হঠাৎ যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না চেলসিকে! তবে সম্প্রতি তারা আবার ছন্দে ফিরেছে। ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। চেলসির জয়রথ ছুটছেই। রোববার রাতে সাউদাম্পটনকে ২-০ গোলে পরাজিত করেছে অ্যান্টোনিও কন্তের দল। এ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ম্যাচে জয় তুলে নিয়েছে চেলসি।
এই জয়ে লিগের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে চেলসি। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে সমান ২৩ পয়েন্ট নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুল।
এদিকে প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে মোটেও ভড়কে যাননি চেলসির খেলোয়াড়রা। খেলার ৬ মিনিটেই চেলসিকে লিড এনে দেন ইডেন হাজার্ড। ডান প্রান্ত থেকে বল নিয়ে ছুটে যান এই বেলজিয়ান। শেষ পর্যন্ত একক প্রচেষ্টায় দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন হাজার্ড (১-০)।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরুটাও দারুণ ছিল চেলসির। ম্যাচের ৫৫ মিনিটে ব্লুজদের ২-০ গোলে এগিয়ে দেন দিয়েগো কস্তা। বাঁ-প্রান্ত থেকে হাজার্ডের বাড়িয়ে দেয়া বলটি দূরপাল্লার এক শটে স্বাগতিক সাউদাম্পটনের জালে জড়ান ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই স্প্যানিশ স্ট্রাইকার।
এমএনজে





