শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে ১১৭ রানে জিতেছে ভারত। সেই সঙ্গে সিরিজটি জিতে নিয়েছে সফরকারীরা। ফলে সাঙ্গাকারার বিদায়ী টেস্ট সিরিজে হেরে গেল লঙ্কানরা।
মঙ্গলবার কলম্বোতে টেস্টের শেষ দিনে অ্যাঞ্জেলো ম্যাথুজ দুর্দান্ত লড়াই করেছেন। কিন্তু দলকে রক্ষা করতে পারেননি। ২৬৮ রানেই গুটিয়ে গেল তাদের দ্বিতীয় ইনিংস।
প্রথম ইনিংসে ভারত ৩১২ রান করলেও জবাবে মাত্র ২০১ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ভারত ২৭৪ রানে অল আউট হলেও দুই ইনিংস মিলিয়ে মোট ৩৮৫ রানের লিড নেয় তারা। কিন্তু এই রান তাড়া করতে ১১৭ রানে পিছিয়ে থাকতেই গুটিয়ে গেল স্বাগতিকদের ইনিংস।
৩ উইকেটে ৬৭ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। কৌসল সিলভার ২৪ রানে সঙ্গে ২২ রান নিয়ে মাঠে নামেন অধিনায়ক ম্যাথুজ। সিলভা ব্যক্তিগত ২৭ রানে আউট হলেও হাল ধরে রাখেন দলনেতা।
সিলভার পর ক্রিজে এসে মাত্র ১২ রান করে থিরিমান্নে মাঠ থেকে বিদায় নিলেও ম্যাথুজকে যোগ্য সঙ্গ দেন পেরেরা। তাদের জুটি থেকে আসে ১৩৫ রান।
পেরেরাকে বিদায় করে দিয়ে ফের লঙ্কান শিবিরে ধ্বস নামান ভারতের অশ্বিন। তার বলে রোহিত শর্মার হাতে ক্যাচ আউট হন পেরেরা। মাঠ থেকে বিদায় নেয়ার ১০৬ বলে ১১ চারে ৭০ রান করেন তিনি।
দলের রানের খাতায় আর মাত্র সাত রান যোগ হতে ইশান্তর শিকারে পরিণত হন ম্যাথুজ। ইতি ঘটে ২৪০ বলে ১৩টি চারে সাজানো তার ১১০ রানের ইনিংস। এর মধ্য দিয়ে লঙ্কানদের স্বপ্নেরও ইতি ঘটে।
বাকিরা শুধু পরাজয়ের স্বাদ নেয়ার সময় ক্ষেপন করা ছাড়া কিছু করতে পারেননি।
ভারতীয় বোলার অশ্বিন ৪টি, ইশান্ত ৩টি ও যাদব ২টি উইকেট নেন।
প্রথম ম্যাচে ভারত জয়ের স্বপ্ন দেখলেও লঙ্কানরা বোলিং দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নেয়। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় কোহলিরা। তৃতীয় ম্যাচে জয়ের সঙ্গে সিরিজটিও নিজেদের করে নিল তারা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৩১২/১০ ও ২৭৪/১০
শ্রীলঙ্কা : ২০১/১০ এবং দ্বিতীয় ইনিংস: ২৬৮/১০, ওভার ৮৫ (ম্যাথুস ১১০, পেরেরা ৭০; আশ্বিন ৪/৬৯, ইশান্ত ৩/৩২, যাদব ২/৬৫)
ফল : ভারত ১১৭ রানে জয়ী
সিরিজ : ৩ ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয়ী
ম্যাচসেরা : চেতেশ্বর পূজারা (ভারত)
সিরিজসেরা : রবিচন্দ্রন আশ্বিন।
জেডআই





