পাকিস্তান দলের আরেক ব্যাটিং স্তম্ভ মিজবাহ-উল-হককে মাঠ থেকে সাজঘরে ফিরিয়ে দিলেন বাংলাদেশের বোলার তাইজুল ইসলাম।

এই রিপোর্ট লেখা পর্যন্ত মাত্র ৫ উইকেটের বিনিময় ৪৭১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ফলে বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ১৩৯ রানে এগিয়ে আছে তারা।

ক্রিজে আছেন আসাদ শফিক ৩৫ ও সরফরাজ আহমেদ ১।

খুলনা টেস্টের তৃতীয় দিন বৃহস্পতিবার ১ উইকেটে ২২৭ রান নিয়ে খেলা শুরু করে পাকিস্তান।

আজহার আলির সঙ্গে হাফিজের আগের দিনের ১৭৭ রানের জুটিকে ২২৭ পর্যন্ত এগিয়ে নেওয়ার পর আঘাত হানেন শুভাগত হোম চৌধুরী। তার বলে বোল্ড হওয়ার আগে ৮৩ রান করেন আজহার।

তৃতীয় উইকেটে হাফিজের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে ফিরে যান ইউনুস খান (৩৩)। তাইজুল ইসলামের বলে বোল্ড হন পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

অধিনায়ক মিসবাহ-উল-হকের সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে বিদায় নেন মোহাম্মদ হাফিজ (২২৪)। লেগ স্টাম্পের বাইরের বল সুইপ করতে গিয়ে লেগ স্লিপে মাহমুদউল্লাহর ক্যাচে পরিণত হন তিনি।

আসাদ শফিককে সঙ্গে নিয়ে ৬৬ রানের জুটি গড়ে তোলেন দলের হাল ধরে রাখা মিজবাহ। পূর্ণ করেছেন ক্যারিয়ারের ২৭তম অর্ধশতক। ব্যক্তিগত ৫৯ রানে তাইজুলের বলে রুবেল হোসাইনের হাতে ক্যাচ আউট হন তিনি।

প্রথম সেশনে অতিথি ব্যাটসম্যানদের খুব একটা পরীক্ষায় ফেলতে পারেননি বাংলাদেশের স্পিনাররা। সহজেই তাদের খেলছিলেন হাফিজ-আজহার-ইউনুসরা। তবে দ্বিতীয় নতুন বলে হাফিজ-ইউনুসকে কিছুটা চাপে ফেলেন দুই পেসার রুবেল হোসেন ও মোহাম্মদ শহীদ।

দ্বিতীয় সেশনেও খুব একটা ভালো করতে পারেননি স্বাগতিক বোলাররা। প্রথম সেশনে ১০৬ রান যোগ করার পর এই সেশনে আরো ৮৮ রান সংগ্রহ করে অতিথিরা।

প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট হয় বাংলাদেশ।

জেডআই