আগামী মাসে চিলিতে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকার জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন মেক্সিকান কোচ মিগুয়েল হেরেরা। কিন্তু দল থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার হাভিয়ার হার্নান্দেজ।
যদিও কোপা আমেরিকার পাশাপাশি জুলাইতে গোল্ড কাপকে সামনে রেখে জাতীয় দল নির্বাচন নিয়েও চিন্তা করতে হচ্ছে হেরেরাকে। দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাকে মাথায় রেখে ৪৭ বছর বয়সী এই মেক্সিকান কোচ ভারসাম্যপূর্ণ দুটি দল গড়তে চাচ্ছেন। এ কারণেই কোপা আমেরিকা থেকে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে বাদ দেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় কোপায় খেলছেন না ভিয়ারেলের জোনাথন ডস সান্তোস।
এছাড়া পোর্তো মিডফিল্ডার হেক্টর হেরেরা এবং পিএসভি আন্দ্রেজ গুয়ারডাডোকেও বিবেচনা করা হয়নি। ২০১৪ সাল থেকে জাতীয় দলের বাইরে থাকা মিডফিল্ডার জেভিয়ার এ্যাকুইনো প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। রায়ো ভায়োকানোতে খুব একটা ভাল সময় কাটেনি এই মিডফিল্ডারের। চলতি মৌসুমে ২২টি লা লিগা ম্যাচে মাত্র তিনটিতে তিনি পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন।
৩০ জনের প্রাথমিক স্কোয়াডে এ্যাকুইনো ছাড়া আর মাত্র তিনজন ইউরোপ ভিত্তি খেলোয়াড় রয়েছেন। তারা হলেন এ্যাথলেটিকো মাদ্রিদরে রাওল জিমেনেজ, ভেরোনার রাফায়েল মারকুয়েজ এবং টোয়েন্টির জেসাস করোনা।
কোপা আমেরিকার মূল লড়াই শুরু হবার আগে ৩ জুন এস্তাদিও ন্যাসিওনালে পেরুর এবং চারদিন পরে সাও পাওলোর আলিয়াঁজ পারকুয়েতে ব্রাজিলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মেক্সিকো। আগামী ১২ জুন বলিভিয়ার বিপক্ষে কোপা আমেরিকা মিশন শুরু করবে মেক্সিকানরা। তিনদিন পরে স্বাগতিক চিলির ও গ্রুপ-সি’র এর শেষ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে।
জেডআই





