ফুটবল বিশ্ব তার অপরাধ যেভাবেই দেখুক না কেন উরুগুইয়ানরা খুব ভালোভাবেই জানেন এই সুয়ারেজের জন্যই তারা দ্বিতীয় পর্বের টিকিট পেয়েছেন। তাই সারা পৃথিবীর ধিক্কারের মাঝেও নিজ দেশে বীরের সংবর্ধনা পেলেন লুইস সুয়ারেজ।

প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে কামড় দেয়ার অপরাধে চার মাসের জন্য সকল ফুটবল কর্মকাণ্ড থেকে নিষেধাজ্ঞার শাস্তি মাথায় নিয়ে শুক্রবার নিজ দেশের রাজধানী মন্টেভিডিওতে পৌঁছেন সুয়ারেজ। এসময় বিমান বন্দরে তাকে বীরোচিত সংবর্ধনা দেয়া হয়।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ব্যক্তিগত বিমানে করেই দেশে ফিরেন ২৭ বছর বয়সী এ স্ট্রাইকার। এসময় শত শত সমর্থক ব্যানার সমেত হাজির হয়ে সংবর্ধনা জানায় তাকে। সুয়ারেজের সমর্থনে শ্লোগানও দিতে থাকে তারা। শ্লোগানে সুয়ারেজ সমর্থকরা বলেন, 'লুইজ, সকল উরুগুয়েবাসী তোমার সঙ্গে আছে।'

উরুগুয়ের রাষ্ট্রপতি হোসে মুজিসাও বিমান বন্দরে তাদের ওই 'তারকা' খেলোয়াড়কে বরণ করতে হাজির হলেও বিমানের আগমনে বিলম্ব ঘটায় তিনি ফিরে যান। পরে তড়িঘড়ি করেই মাতৃভুমি দক্ষিণাঞ্চলীয় ক্যানেলোনেস প্রদেশে নিয়ে যাওয়া হয় সুয়ারেজকে।

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই