ব্রাজিল বিশ্বকাপ ফুটবলে বসনিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পেল সুপার ঈগল নাইজেরিয়া। ম্যাচের ২৯ মিনিটে গোল করে আফ্রিকান দেশটিকে এগিয়ে নিয়েছিলেন পিটার ওদেমউইঙ্গি। শেষ পর্যন্ত ওই গোলের ওপর ভর করেই জয় পায় সুপার ঈগলরা।

এই জয়ের ফলে ‘এফ’ গ্রুপ থেকে নকআউট পর্বে খেলার পথ সুগম হয়েছে নাইজেরিয়ার। দুই ম্যাচ শেষে সুপার ঈগলদের সংগ্রহ ৪ পয়েন্ট। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ভোর ৪টায় ব্রাজিলের কুইয়াবায় অ্যারিনা প্যান্তানাল স্টেডিয়ামে শুরু হয়েছিল নাইজেরিয়া-বসনিয়া ম্যাচটি।

এবারের বিশ্বকাপ ফুটবলে গ্রুপ এফ থেকে নকআউট পর্বে খেলার আশা জাগিয়ে রাখতে জয়ের মিশন নিয়েই এই ম্যাচে মাঠে নেমেছিল দুই দেশ। ইতোমধ্যে এই গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে প্রতিযোগিতার অন্যতম ফেবারিট দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে গ্রুপের অপর দল হিসেবে শেষ ১৬-তে জায়গা করে নেওয়ার দৌড়ে শামিল ছিল নাইজেরিয়া, ইরান ও বসনিয়া।

 প্রথম ম্যাচে ইরানের সঙ্গে গোলশূন্য ড্র করায় সুপার ঈগলখ্যাত নাইজেরিয়ার সংগ্রহ ছিল ১ পয়েন্ট। অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হার মানায় বসনিয়া কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তবে এই ম্যাচ জিতে পূর্ণ ৩ পয়েন্ট সংগ্রহ করার পাশাপাশি নকআউট পর্বের পথে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল নাইজেরিয়া ও বসনিয়া দুই দলেরই। কিন্তু পরপর দুই ম্যাচ হারায় প্রতিযোগিতা থেকে বিদায়ঘণ্টা বেজেছে বসনিয়ার।

আর্জেন্টিনার কাছে শনিবার রাতে ম্যাচ হারলেও প্রথম ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে ড্র করায় ১ পয়েন্ট সংগ্রহ ইরানের। ফলে নকআউট পর্বে খেলার পথ খোলা রয়েছে এশিয়ার দেশটিরও। গ্রুপ পর্বে নাইজেরিয়ার শেষ ম্যাচের প্রতিপক্ষ আর্জেন্টিনা। অন্যদিকে বসনিয়া তাদের শেষ ম্যাচে ইরানের মুখোমুখি হবে।

ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই