ক্রিকেটের মাস্টার ব্লাস্টারখ্যাত শচীন টেন্ডুলকার এবার তার দেশের ফুটবলের উন্নয়নে মাঠে নেমেছেন। ফুটবলের উন্নয়নে তার হাত বাড়িয়ে দেয়ারও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। ফুটবলে ভারতের নাজুক অবস্থার কারণগুলো খুজে বের করে এর সমাধানের উপর জোর দিয়েছেন ক্রিকেটের এই কিংবদন্তী। খবর গোল ডটকমের।
সোমবার কেরালা রাজ্যের ফুটবল ক্লাব 'কেরালা ব্লাস্টার্স'-এর নতুন জার্সি ও থিম সং-এর উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, 'কেরালা ব্লাস্টার্স' হচ্ছে কেরালা রাজ্য থেকে 'ইনডিয়ান সুপার লিগ' (আইএসএল)-এ অংশ নেয়া একমাত্র ফুটবল দল। 'ইনডিয়ান সুপার লিগ' বা আইএসএল হচ্ছে ভারতের সব রাজ্য থেকে বিভিন্ন ফুটবল দলের সমন্বয়ে আয়োজিত জাতীয় ফুটবল টুর্নামেন্টের নাম।
সোমবার ক্লাবটির জার্সি ও থিম সংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে থেকে তিনি ফুটবলের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। তিনি ক্লাবটির মালিকানায় শরীক হওয়ারও ঘোষণা দেন।
শচীন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানান, ভারতের ফুটবল খেলোয়াড়রা অনেক দেরি করে খেলতে আসে। ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় গিয়ে তারা পিছিয়ে পড়ে। তাই তিনি অল্প বয়সী বালকদের মধ্যে থেকেই প্রতিভা বাছাই করার উপর জোর দেন।
ক্রিকেটে ইনডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর মতো ফুটবলেও এরকম টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেন শচীন। আইপিএল-এ যেমন দেশের প্রত্যন্ত এলাকা থেকেও প্রতিভা উঠে আসে, ফুটবলেও এটি করা হলে প্রতিভা তুলে আনা সম্ভব বলে তিনি মনে করেন।
এ ছাড়া, ভারতে বিদেশি প্রতিভাধারী ফুটবল খেলোয়াড়দেরকে চুক্তিতে নিয়ে আসারও পরামর্শ দেন। বিদেশি এই তারকা খেলোয়াড়েরা প্রতিভা অন্বেষণ করবেন। সূত্র: গোল ডটকম
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





