বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আগামী চার বছরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজির মালিকানা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার মেয়াদ হবে ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত।

বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী বলেছেন, আগের ফ্র্যাঞ্চাইজি গুলোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এই বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর এবং সিলেট অঞ্চলের জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকানা আহবান করেছে। মালিকানা ক্রয়ে আগ্রহীদের আগামী ১৭ আগস্টের মধ্যে আগ্রহ পত্র (ইওআই) জমা দিতে হবে। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলোতে বৃহস্পতিবার বিসিবি’র এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

নিজাম উদ্দিন বলেন, প্রতিটি ফ্র্যাঞ্চাইজির নতুন মালিকা পাওয়ার লক্ষ্যেই বিসিবি এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া পুরনো মালিকরাও বিটে অংশ নিতে পারবে। তবে এ জন্য বোর্ডের কাছে তাদের বিরুদ্ধে থাকা আগের অভিযোগগুলোর মিমাংসা করতে হবে।

তিনি বলেন, ‘যে সব কারণে আগের ফ্র্যাঞ্চাইজির চুক্তি বাতিল করা হয়েছে সেগুলোর সমাধান তাদের করতে হবে। অর্থাৎ তাদের আগের অপরিশোধিত অর্থ এ ক্ষেত্রে পরিশোধ করতে হবে। আমরা আইনগত প্রক্রিয়াতেই এগুচ্ছি। এটি যদি কার্যকর না হয়, তাহলে আমরা দ্বিতীয় পন্থা অবলম্বন করব। আগের মালিকরাও বিটিংয়ে অংশ নিতে পারবেন। তবে এ ক্ষেত্রে তাদেরকে পূর্বের বকেয়া পরিশোধ করতে হবে।

ইতোমধ্যে অনেকেই ফ্র্যাঞ্চাইজির মালিকানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন উল্লেখ করে বিসিবির ওই কর্মকর্তা বলেন,‘তবে এখনই তাদের নাম প্রকাশ করা যাবে না। বিপিএলের আগের ফ্র্যাঞ্চাইজির মালিকরা হলেন চিটাগাং কিংস এর এসকিউ স্পোর্টস, ঢাকা গ্লাডিয়েটর্সের শিহাব ট্রেডিং হাউজ, খুলনা রয়্যাল বেঙ্গলস এর ওরিয়ন স্পোর্টস, দূরন্ত রাজশাহীর মোহন এন্ড এসোসিয়েটস, এবং রংপুর রাইডার্সের ইস্পোর্টস লিমিটেড।

চলতি বছরের মে মাসে বিসিবি ঘোষণা দিয়েছিল যে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ায় ঢাকা গ্লাডিয়েটর্স বিপিএলের তৃতীয় আসরে অংশ নিতে পারবে না। আগামী নভেম্বরে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির মালিক শিহাব জিসান চৌধুরী ও সেলিম চৌধুরীকে নিষিদ্ধ করা হয়েছে ১০ বছরের জন্য। ফলে বিপিএলের আগামী আসরে ঢাকা গ্লাডিয়েটর্স যে অংশ নিতে পারছে না তা শতভাগ নিশ্চিত। এটি আইসিসি’র সিদ্ধান্ত হওয়ায় কোনভাবেই তাদের আর টুর্নামেন্টে ফেরার সুযোগ নেই বলে জানিয়েছেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল।

জেডআই